নরসিংদীতে ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আড্ডা
নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী একই মাঠে দাঁড়িয়ে মেতেছেন আড্ডা ও হাস্যরসে—এমন ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে নরসিংদীতে।
আজ বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রাজাদি উচ্চ বিদ্যালয় মাঠে এ দৃশ্যের অবতারণা হয়।
ভোট প্রদান শেষে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঁইয়া (দাঁড়িপাল্লা) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী শিরিন আক্তার (ট্রাক) মাঠে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও আলাপে মেতে ওঠেন।
একপর্যায়ে এক প্রার্থী আরেকজনকে উদ্দেশ করে বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থানের পক্ষের লোক।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এমন আন্তরিক মুহূর্ত উপস্থিত ভোটার ও কর্মীদের দৃষ্টি কাড়ে। কেউ কেউ মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।
ভোটারদের ভাষ্য, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ ইতিবাচক বার্তা দেয়। তাদের মতে, গণতন্ত্রের চর্চায় মতপার্থক্য থাকতেই পারে, তবে পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় থাকা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা।
ভোটারদের আশা, নির্বাচন যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক না কেন, শেষ পর্যন্ত এ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।