ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে ইংল্যান্ডের স্বস্তির খবর

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে বুধবারের হাইভোল্টেজ বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তির সুবাতাস। ইংলিশদের অন্যতম প্রধান ভরসা ডেক্লান রাইস ম্যাচটির আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছে দলটি। ইএসপিএন-কে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

অসুস্থতার কারণে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে দুটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি আর্সেনালের এই মিডফিল্ডার। সেই ম্যাচের আগে বেশ কয়েক দিন বিছানা ছেড়েই উঠতে পারেননি তিনি। কেবল অসুস্থতাই নয়, চলতি বিশ্বকাপে হ্যামস্ট্রিং ও পিঠের ব্যথার সঙ্গেও লড়াই করতে হচ্ছে তাকে। আর তাই নরওয়ের বিপক্ষে জয় পাওয়া ম্যাচটিতে মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন তিনি।

ম্যাচ শেষে ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেছিলেন, ‘গত তিন দিন ডেক্লানকে অনেক ভুগতে হয়েছে, যার বেশির ভাগ সময়ই সে বিছানায় ছিল। আমি জানতাম ও কোনোভাবেই ৯০ মিনিট খেলতে পারবে না।’

তবে সূত্রের খবর, রাইসের শারীরিক অবস্থার এখন বেশ উন্নতি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না নেওয়া হলেও, আটলান্টার সেমিফাইনালে এই আর্সেনাল তারকাকে শুরু থেকেই পাওয়া যাবে বলে আত্মবিশ্বাসী দল। নরওয়েকে হারানোর পরদিন ইংল্যান্ডের রিকভারি সেশনেও তাকে অংশ নিতে দেখা গেছে।

সোমবার কানসাস সিটির বেজে অনুশীলন করেছে ইংল্যান্ড দল। মঙ্গলবারও সেখানে অনুশীলনের পর তারা উড়ে যাবে আটলান্টায়। সেখানে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলবেন কোচ টুখেল ও দলের তিন খেলোয়াড়।

রাইসকে নিয়ে স্বস্তি ফিরলেও স্কোয়াডের বাকিদের চোট নিয়ে কিছুটা ভাবনায় আছে ইংলিশরা। নরওয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া নিকো ও'রেইলি ও এজরী কোনসার শারীরিক অবস্থা আরও পর্যবেক্ষণ করা হবে। অন্যদিকে, ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ে টান থাকা সত্ত্বেও মার্ক গেহি খেলেছেন পুরো ১২০ মিনিট।

তবে শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া জ্যারেল কোয়ানসাকে এই ম্যাচেও পাচ্ছে না ইংল্যান্ড।