মেসির পেনাল্টি মিস, গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধ শেষে এগিয়ে মিশর
আরও একবার পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। অস্ট্রিয়া ম্যাচের পর আজ মিশরের বিপক্ষেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির পেনাল্টি মিসের পাশাপাশি মিশর গোলরক্ষক মোস্তাফা শোবিরের অনবদ্য পারফরম্যান্সে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আফ্রিকান দেশটি।
আটলান্টায় ভরা আর্জেন্টাইন গ্যালারিকে স্তব্ধ করে ম্যাচের মাত্র ১৪ মিনিটেই এগিয়ে যায় মিশর। মারাওয়ান আতিয়ার দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে মিশরকে এগিয়ে নেন ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম।
তবে এরপর ম্যাচে ফেরার অন্তত তিনটি সুবর্ণ সুযোগ পেলেও একটিকেও গোলে পরিণত করতে পারেনি আর্জেন্টিনা। সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন অধিনায়ক মেসিই। ১৮ মিনিটের মাথায় নিকোলাস টালিয়াফিকোকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু মেসির কিক বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন শোবির।
দ্বিতীয় সুযোগটি আসে ২৭ মিনিটে। মাঠের ডান পাশ থেকে বক্সে দুর্দান্ত এক ক্রস ফেলেছিলেন রদ্রিগো ডি পল। গোলের খুব কাছে ফাঁকায় দাঁড়ানো অবস্থায়ও সেটিকে গোলে পরিণত করতে পারেননি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এটিও দারুণ দক্ষতায় ফিরিয়েছেন শোবির।
তৃতীয় সুযোগ মিসের দায়ভার হুলিয়ান আলভারেজের। লাউতারো মার্টিনেজের জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া আলভারেজ হতাশ করেছেন ৩৮ মিনিটে। টালিয়াফিকোর বাড়ানো বলে গোল করতে কেবল শোবিরকে পরাস্ত করলেই হতো। আলভারেজ পা ছুঁইয়েছিলেন, কিন্তু অসাধারণ রিফ্লেক্সে সেটি আবারও ঠেকিয়ে দেন শোবির।
প্রথমার্ধে তিনবার গোলে শট নিতে পেরেছে আর্জেন্টিনা, গোল হতে পারত তিনটিই। কিন্তু শোবিরের দৃঢ়তায় এখনও পিছিয়ে আর্জেন্টিনা। এদিকে গোলে মাত্র একটি শট নিয়ে সেটি দিয়েই ম্যাচে এগিয়ে রয়েছে মিশর।