জাপানের ‘মাইন্ড গেম’ এর ফাঁদে পা দিতে চান না আনচেলত্তি
বিশ্বকাপের নকআউট ম্যাচ মানেই মাঠের কৌশলের পাশাপাশি মাঠের বাইরের কথার লড়াইয়ে প্রতিপক্ষকে ব্যস্ত রাখার লড়াই। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে জাপানি ফুটবলার কেন্তো শিয়োগাইও চেষ্টা করেছিলেন ব্রাজিলকে একটু তাতিয়ে দেয়ার। তবে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই কথার লড়াইয়ে জড়ানোর কোনো ইচ্ছা নেই তার।
এই টুর্নামেন্টে মাত্র ছয় মিনিট খেলা জাপানি ফুটবলার শিয়োগাই সম্প্রতি মন্তব্য করেছিলেন, ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাস থাকলেও বর্তমান সময়ে তাদের চেয়ে শক্তিশালী দল আছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা আনচেলত্তির কাছে এমন মন্তব্যের জবাব জানতে চাইলে কৌশলে তা এড়িয়ে যান ব্রাজিল কোচ।
ম্যাচের আগে কথার লড়াই নয়, বরং নিজেদের প্রস্তুতিতেই বেশি মনোযোগ রাখতে চাইছেন তিনি, ‘অন্যরা কীসব বলছে আমি তার পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের সব মনোযোগ ম্যাচের দিকে। প্রতিপক্ষের শক্তিমত্তা, নিজেদের প্রস্তুতি এসব নিয়েই আমরা বেশি ভাবছি’।
আনচেলত্তি আরও বলেন, ‘ম্যাচের আগে আসল প্রস্তুতি তো এগুলোই। ইংল্যান্ডে যেটাকে বলে মাইন্ড গেম, আমরা সেটায় জড়াব না’।
স্কটল্যান্ডের বিপক্ষে ১৫ মিনিটের কিছু বেশি সময়ের জন্য মাঠে নামা নেইমার জাপান ম্যাচে কতক্ষণ খেলবেন, এমন প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ জানিয়েছেন, আরও বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত এই তারকা, ‘নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহে তার উন্নতিতে আমি সন্তুষ্ট। সে শারীরিকভাবে ভালো অবস্থায় আছে। অবশ্যই সে ১৫ মিনিটের চেয়ে বেশি খেলতে পারে। তবে এটা নির্ভর করছে ম্যাচের আগে তার শারীরিক অবস্থা ও ম্যাচের পরিস্থিতির উপর’।
কাগজে-কলমে এই ম্যাচে ব্রাজিল ফেভারিট হলেও জাপানকে একদমই হালকা ভাবে নিচ্ছেন না আনচেলত্তি। বরং এশিয়ান দলটির প্রশংসাই শোনা গেছে তার মুখে। জাপানকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দলও বলেছেন তিনি। গ্রুপ পর্বে দুই দলই অপরাজিত থেকে নকআউটে উঠেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হারেনি জাপান। গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর সুখস্মৃতিও আছে দলটির। জাপানের বিপক্ষে তাই সর্বোচ্চ সতর্কই থাকছে সেলেসাওরা।