‘সবাইকে অনেক মিস করব’

দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে আবেগাপ্লুত মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্টার অনলাইন রিপোর্ট

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার সংসদীয় দলের বৈঠকে অংশ নিয়েছেন।

আগামীকাল তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদীয় দলের সঙ্গে এটিই হতে পারে তার শেষ বৈঠক।

আজ বৈঠকে সহকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। বক্তব্যের শেষ দিকে বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, 'আমি আপনাদের সবাইকে মিস করব।'

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কথা স্মরণ করেন। খালেদা জিয়ার কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে একপর্যায়ে আর কিছু বলতে পারছিলেন না।

জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলের নেতারা জানান, মির্জা ফখরুল যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে ফখরুল বলেন, তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে শুরু করে পরবর্তীতে সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব পদে থেকে দলের জন্য কাজ করেছেন।

তিনি বলেন, 'আপনারা আমার ওপর দায়িত্ব অর্পণ করছেন, আমি সততার সঙ্গে পালন করব।'

দলের বিভিন্ন দায়িত্বে থাকাকালে কোনো ভুলত্রুটির ক্ষেত্রে সহকর্মীদের কাছে ক্ষমাও চেয়েছেন মির্জা ফখরুল।

'দায়িত্ব পালনকালে যদি কোনো ভুলত্রুটি করে থাকি, তবে অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সবাইকে খুব মিস করব,' বলেন তিনি।

তিনি আরও বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবনের বিনিময়ে হলেও তিনি তা রক্ষা করবেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না।

ফখরুল জানান, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বঙ্গভবনে গেলে দলীয় সহকর্মীদের সাহচার্যের অভাব বোধ করবেন।

তিনি নতুন দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করেন এবং বিএনপির সংসদ সদস্যদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ারও আহ্বান জানান।

ফখরুল বলেন, 'তারেক রহমান আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখে তাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছেন।'

ফখরুলের বক্তব্যের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠককে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। 'আজ একটি ঐতিহাসিক দিন। অনেক ত্যাগের বিনিময়ে আমরা এতদূর এসেছি,' বলেন তিনি।

বিএনপির কঠিন সময়ে ফখরুলের ভূমিকার কথা স্মরণ করে তারেক বলেন, 'আওয়ামী লীগ সরকারের আমলে গভীর রাতে তাকে তুলে নেওয়া হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে এবং নির্যাতনের শিকার হতে হয়েছে।'

'এত কষ্ট সত্ত্বেও তিনি দলের কঠিন সময়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। তার এই অবদানের জন্য বিএনপি তার প্রতি কৃতজ্ঞ,' বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংকটময় মুহূর্তে সাহসের সঙ্গে দলের হাল ধরেছিলেন যখন আমাকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছিল। মির্জা ফখরুল কখনোই হাল ছেড়ে দেননি।'

তিনিও বিএনপির সব সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান।