‘মেসি কী করছে, সেদিকে আমি তাকাই না’, বললেন এমবাপে
বিশ্বকাপে গোলের রেকর্ডের দৌড়ে এখন সবচেয়ে বড় দুই নাম লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। একদিকে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে কয়েক ঘণ্টা পর ইরাকের বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডের আরও কাছে পৌঁছে গেছেন এমবাপে। তবে ফরাসি তারকার দাবি, তিনি মোটেও মেসিকে অনুসরণ করে খেলছেন না।
ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর মেসিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন এমবাপে। তখনই আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি, 'লিও সবসময় গোল করে। সে সবসময়ই করেছে এবং ভবিষ্যতেও করবে। যদি আমি লিও কী করছে সেদিকে মনোযোগ দিই, তাহলে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে।'
এরপর আরও স্পষ্ট করে তিনি বলেন, 'আমি সে কী করছে, সেদিকে একদমই তাকাই না। আমি শুধু আমার দলকে সাহায্য করার কথাই ভাবি।'
ইরাকের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সের জার্সিতে নিজের শততম ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন এমবাপে। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সমান। আর মেসির ১৮ গোলের রেকর্ড থেকে তিনি পিছিয়ে মাত্র দুটি গোলে।
তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ফরাসি অধিনায়ক। বিশ্বকাপে নিজের বর্তমান ফর্ম নিয়ে তিনি বলেন, 'আমি দারুণ অনুভব করছি। সবাই জানে, একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদের হয়ে আমি সম্ভাব্য সেরা মৌসুম কাটানোর চেষ্টা করেছি। জানুয়ারিতে একটি গুরুতর চোট পেয়েছিলাম, কিন্তু পরে শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় ফিরে এসেছি, যাতে বিশ্বকাপে ভালো অবস্থায় আসতে পারি।'
ইরাকের বিপক্ষে ম্যাচটি অবশ্য স্বাভাবিক ছিল না। ফিলাডেলফিয়ায় ভয়াবহ ঝড়ের কারণে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ ছিল। সেই অস্বাভাবিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন এমবাপে, 'এটি খুব দীর্ঘ একটি রাত ছিল। অনেক সময় কেটে গেছে, আবেগও ছিল, সঙ্গে ছিল প্রচুর চাপ। কারণ আমাদের পুরো সময় মনোযোগ ধরে রাখতে হয়েছে এবং ড্রেসিংরুমে প্রস্তুত থাকতে হয়েছে।'
ফরাসি তারকা আরও বলেন, 'দেড় থেকে প্রায় দুই ঘণ্টা ড্রেসিংরুমে বসে ছিলাম। এমন পরিস্থিতিতে মনোযোগ ধরে রাখা খুব কঠিন। এর জন্য অনেক মানসিক শক্তি প্রয়োজন হয়। আমরা ম্যাচের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার জন্য অনেক চেষ্টা করেছি। বিষয়টি খুব জটিল ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।'