'মেসি আমাদের অসম্ভবকেও সম্ভব বলে বিশ্বাস করতে শিখিয়েছে'
লিওনেল মেসির নামের পাশে রেকর্ডের সংখ্যা এত বেশি যে নতুন কোনো অর্জনও এখন আর খুব একটা বিস্ময় জাগায় না। কিন্তু আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমারের মতে, এই বিস্ময়হীনতাই মেসির সবচেয়ে বড় বিস্ময়। কারণ তিনি এমন এক ফুটবলার, যিনি মানুষকে বারবার অসম্ভবকে সম্ভব বলে বিশ্বাস করতে শিখিয়েছেন।
বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন আইমার। আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার শুধু মেসির কোচিং স্টাফের সদস্যই নন, একসময় ছিলেন তার শৈশবের নায়কও।
নিউওয়েলস ওল্ড বয়েজে বেড়ে ওঠা ছোট্ট মেসি একসময় রিভার প্লেটের জার্সিতে আইমারের খেলা দেখে মুগ্ধ হতেন। সেই আইমারই এখন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সহকারী কোচ হিসেবে মেসির পাশে দাঁড়িয়ে আছেন। মেসিকে নিয়ে বলেন, 'মেসি আমাদের এমন জায়গায় নিয়ে গেছে, যেখানে আমরা অসম্ভবকেও সম্ভব বলে আশা করি।'
নিজের শৈশবের নায়ক হিসেবে মেসি তাকে দেখতেন, এই বিষয়টিকেও জীবনের অন্যতম বড় সম্মান বলে মনে করেন আইমার, 'মেসি আমাকে নিজের আদর্শ মনে করত, এটা আমাকে ভীষণ গর্বিত করে। একবার পড়েছিলাম, জিনেদিন জিদান এনজো ফ্রান্সেস্কোলিকে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন। তখন ভেবেছিলাম, এমন একজন মহান ফুটবলার আপনার সম্পর্কে এত ভালো কথা বললে কেমন লাগে! মেসির মুখে এমন কথা শুনতে পাওয়া আমার জন্য গর্বের বিষয়।'
পরবর্তীতে দুজন একসঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিও গায়ে তুলেছিলেন। ২০০৬ বিশ্বকাপ এবং ২০০৭ কোপা আমেরিকায় ছিলেন সতীর্থ। আবার ক্লাব ফুটবলে ভ্যালেন্সিয়ার আইমার ও বার্সেলোনার উদীয়মান তারকা মেসি ছিলেন প্রতিপক্ষও।
সেই সম্পর্ক নিয়ে আইমার বলেন, 'আমরা একসঙ্গে খেলেছি, আবার প্রতিপক্ষ হিসেবেও মুখোমুখি হয়েছি। আমাদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া আছে। আমি তাকে শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও ভীষণ শ্রদ্ধা করি।'
লিওনেল স্কালোনির অধীনে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপসহ একের পর এক সাফল্য এসেছে আলবিসেলেস্তেদের ঝুলিতে। আইমারের মতে, এর পেছনে মেসির নেতৃত্ব ও মানসিকতার বড় ভূমিকা রয়েছে।
তিনি বলেন, 'মেসি যা করে, তা অনুকরণ করা কঠিন। কিন্তু বড় ম্যাচে বারবার একই মান ধরে রাখা আরও কঠিন। জাতীয় দলে কয়েক বছর কাটানোর পর সবাই অনুভব করে, এটাই তাদের থাকার জায়গা। সেই মানসিকতা ও প্রতিশ্রুতির পুরস্কার হিসেবে আমরা ট্রফি পেয়েছি। এর চেয়ে ভালো আর কী হতে পারে?'
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। আইমারও সন্তুষ্ট দলের শুরু নিয়ে।
'আমরা ভালোভাবে শুরু করতে পেরে আনন্দিত। আমরা শান্ত আছি, তবে খুব বেশি শান্ত নই। কারণ ফুটবলে কখনও পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায় না। ভালো পারফরম্যান্সে সন্তুষ্টি আছে, আর বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন আমাদের দলে আছে, এটা সবসময় বাড়তি আত্মবিশ্বাস দেয়,' বলেন তিনি।
শুধু জেতাই নয়, পুরো বিশ্বকাপ যাত্রাটাও উপভোগ করাও জরুরি বলেন সহকারী কোচ, 'মাঠে সবকিছু ভালো হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু যাত্রাটাও গুরুত্বপূর্ণ। কারণ ফুটবল মানুষকে বদলে দিতে পারে। যদি এই সময়টা উপভোগই না করেন, তাহলে জীবনের ৪০টি দিন নষ্ট করলেন। ভালো পরিবেশ খুব জরুরি, কারণ আমরা শুধু প্রতিযোগিতা করছি না, জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়ও একসঙ্গে কাটাচ্ছি।'