সেই সুইডেনের জালে এবার ৫ গোল দিল নেদারল্যান্ডস
নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলে জিতে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছিল সুইডেন। পরের ম্যাচে সেই দলটিকে রীতিমতো টেনে মাটিতে নামাল নেদারল্যান্ডস। বিরতির আগে ব্রায়ান ববি ও বিরতির পর কোডি গাকপোর নৈপুণ্যে গোল উৎসব করল রোনাল্ড কুমানের শিষ্যরা।
শনিবার রাতে হিউস্টনে 'এফ' গ্রুপের ম্যাচে সুইডিশদের ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে ডাচরা। যদিও ম্যাচের পরিসংখ্যান দেখলে এই ফল চোখ কপালে তুলে দেওয়ার মতো। নেদারল্যান্ডসের ৫১ শতাংশ সময় বল দখলে রাখার বিপরীতে সুইডেনের পায়ে বল ছিল ৪৯ শতাংশ সময়। ডাচরা গোলমুখে ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি, আর সুইডিশদের ১৬টি শটের আটটি ছিল লক্ষ্যে।
এতে বুঝে নেওয়া যায়, বড় সুযোগ তৈরি ও ফিনিশিংয়ে নেদারল্যান্ডস যতটা ক্ষুরধার ছিল, গ্রাহাম পটারের শিষ্যরা সেই তুলনায় কার্যকর ছিল না। তাই আক্রমণ ও পাল্টা আক্রমণ চললেও স্কোরলাইনে বিস্তর ব্যবধান তৈরি হয়।
প্রথমার্ধের শুরুতে ববির জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুতে গাকপোর জোড়া লক্ষ্যভেদে চালকের আসনে বসে পড়ে ডাচরা। বদলি নামা অ্যান্থনি এলাঙ্গা সুইডিশদের হয়ে ব্যবধান কমালেও শেষদিকে ফের তাদের জালে বল পাঠান আরেক বদলি ক্রিসেনসিও সমারভিল।
এই জয়ে 'এফ' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল বিশ্বকাপের তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করা দলটির অর্জন ২ ম্যাচে ৪ পয়েন্ট। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ১৯৫৮ সালের আসরের ফাইনালিস্ট সুইডেন।
বিস্তারিত আসছে...