ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রথম রাউন্ড শেষে আলোচিত যেসব ঘটনা

স্পোর্টস ডেস্ক

দেখতে দেখতে শেষ হয়েছে এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ। ৪৮টি দলই খেলে ফেলেছে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ। বড় দলগুলোর মধ্যে কেউ না হারলেও প্রত্যাশিত ফলাফল যে সবাই পেয়েছে সেটি বলা যাবে না। কেপ ভার্দে, কঙ্গোর মতো দলের প্রত্যয়ী ফুটবল, ভোজিনহার আবেগী গল্প, বড় তারকাদের রাজকীয় শুরু- মনে রাখার মতো বেশ অনেকগুলো ঘটনাই আছে বিশ্বকাপের প্রথম সপ্তাহে। সব মিলিয়ে ৭৫ গোলের প্রথম রাউন্ড শেষে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। 

শুরুতেই হোঁচট ইউরোপ-দক্ষিণ আমেরিকার ‘পাওয়ারহাউজ’গুলোর: 

৪৮ দলের বিশ্বকাপে এবার রেকর্ড ১০৪টি ম্যাচ হবে। অনেকেই তাই আশঙ্কা করছিলেন, তুলনামূলক কম শক্তিশালী ও অপরিচিত দলগুলোর অনেক ম্যাচই হয়তো একপেশে হবে। তবে প্রথম রাউন্ড শেষে অন্তত এটিকে সত্য বলা যাচ্ছে না। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ২০ দলের ১৫টিই যে দুই মহাদেশের দল, সেই ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অনেক দলই বিশ্বকাপ শুরু করেছে পয়েন্ট খুঁইয়ে। 

শুরুটা ব্রাজিলকে দিয়ে, মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এরপর উরুগুয়েও ড্র করেছে, প্যারাগুয়ে ও ইকুয়েডর নিজ নিজ ম্যাচে হেরেছে। লাতিন দলগুলোর মধ্যে প্রথম রাউন্ডে জয় পেয়েছে কেবল আর্জেন্টিনা ও কলম্বিয়া। 

ইউরোপের বেশ কিছু বড় নামকেও প্রথম ম্যাচে হতাশ হতে হয়েছে। স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, তুরস্ক, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার মতো দলগুলো প্রথম রাউন্ডে পূর্ণ পয়েন্ট ঘরে তুলতে পারেনি। সেই তুলনায় এশিয়ান বড় দলগুলো বেশ ভালো শুরু করেছে। দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া (এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব খেলে বিশ্বকাপে আসে) নিজেদের প্রথম ম্যাচে জিতেছে, জাপান, কাতার ও সৌদি আরবও এক পয়েন্ট করে পেয়েছে। 

সুপারস্টারদের উড়ন্ত শুরু: 

কোটি ভক্ত-সমর্থকদের আশা-ভরসা থাকে যাদের ওপর, সেই তারকাদের প্রায় সবাই প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছেন। লিওনেল মেসি রেকর্ডময় হ্যাটট্রিক করেছেন। এছাড়া কিলিয়ান এমবাপে, হ্যারি কেন, আরলিং হালান্ড প্রত্যেকেই করেছেন জোড়া গোল। ভিনিসিয়ুস জুনিয়র, কাই হাভার্টজরাও গোল পেয়েছেন। তারকাদের মধ্যে হতাশ করেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। পরের ম্যাচগুলোতেও গোল করার এই ধারা অব্যাহত রাখলে বিশ্বকাপ আরও বর্ণিল হবে সে বিষয়ে সন্দেহ নেই। 

‘হাইড্রেশন বিরতি’ নিয়ে হতাশা ও দর্শকদের দুয়োধ্বনি: 

এবারের বিশ্বকাপে নতুন সংযোজন হাইড্রেশন বিরতি। গ্রীষ্মের তীব্র গরম থেকে ফুটবলারদের একটু স্বস্তি দিতে দুই অর্ধে তিন মিনিট করে পানি পানের বিরতির ব্যবস্থা রেখেছে ফিফা। তবে এই বিরতি নিয়ে এরই মধ্যে হতাশা ও সমালোচনা শোনা গেছে। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে কোচেরা অনেকেই বলেছেন, এই বিরতি খেলার স্বাভাবিক সৌন্দর্য ও গতি নষ্ট করছে। 

যুক্তরাষ্ট্রের কোচ পচেত্তিনোই যেমন বলেছেন, আবহাওয়া সহনীয় মাত্রায় থাকার পরেও এই বাধ্যতামূলক বিরতি অপ্রয়োজনীয়। সমালোচনার আরেকটি জায়গা হলো, এই বিরতির মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের পানি পান ও বিশ্রাম, কিন্তু সব দলই এই বিরতিকে ব্যবহার করছে ‘ট্যাকটিকাল বিরতি’ হিসেবে। ফলে বিরতি থেকে ফিরেই ম্যাচের মোড় ঘুরে যাচ্ছে অনেক সময়। 

তবে সবচেয়ে বেশি কথা হয়েছে ফুটবলারদের ঢাল হিসেবে ব্যবহার করে ফিফা আসলে খেলার চেয়ে বাণিজ্যকেই প্রাধান্য দিচ্ছে কি না সেটি নিয়ে। ঘানার বিপক্ষে হারের পর পানামা কোচ বলেছেন, ‘তাপমাত্রা মোটেই অসহনীয় ছিল না। কিন্তু আমাদের এটা মেনে নিতেই হবে, কারণ বিজ্ঞাপনদাতারা এর জন্য মোটা অঙ্ক খরচ করেছেন’। 

মাঠে উপস্থিত দর্শকেরাও যে এই বিরতি ভালোভাবে নিচ্ছেন না, সেটি তারা বুঝিয়ে দিয়েছেন। পানামা ও ঘানার ম্যাচে হাইড্রেশন বিরতিতে দুয়ো দিয়েছেন দর্শকেরা। বোস্টনে ইরাক-নরওয়ে ম্যাচেও একই ঘটনা ঘটেছে। অথচ সেদিন মাত্র ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচ খেলেছে দুই দল, ফুটবল খেলার জন্য যা বেশ স্বাভাবিক তাপমাত্রা। প্রথম হাইড্রেশন বিরতির আগে নরওয়েকে চাপেই রেখেছিল ইরাক, কিন্তু বিরতি থেকে ফিরে মাত্র চার মিনিটের মধ্যে তারা গোল হজম করে। শেষ পর্যন্ত ম্যাচটা ৪-১ গোলে হারে এশিয়ার দলটি।  

ভোজিনহার রূপকথার মতো উত্থান: 

প্রথম রাউন্ড শেষে যদি একক কোনো ফুটবলার সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকেন, সেটি বোধহয় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশটি প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে আটকে দিয়েছে, এর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ৪০ বছর বয়সী ভোজিনহার। একের পর এক অবিশ্বাস্য গোল বাঁচিয়ে রীতিমতো তারকা বনে গেছেন তিনি। এক ম্যাচেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার বেড়েছে প্রায় ৮০ লাখ! 

ভালো শুরু স্বাগতিকদের:

এবারের তিন স্বাগতিক দেশই ভালোভাবে বিশ্বকাপ শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো, বসনিয়ার সাথে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছে আরেক সহ-আয়োজক কানাডাও। তবে তিন স্বাগতিকের মধ্যে প্রথম রাউন্ডে সবচেয়ে আলো ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। লাতিন দল প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে এবারের বিশ্বকাপে বেশ অনেকটা দূরে যাওয়ার আশা দেখিয়েছে মরিসিও পচেত্তিনোর দল।