ফিফা বিশ্বকাপ ২০২৬

রোনালদোকে ধুয়ে দিলেন অঁরি

স্পোর্টস ডেস্ক

ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল যখন মাঠ ছাড়ল, তখন সবার চোখ ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামলেও প্রথম ম্যাচটি একদমই ভালো যায়নি ৪১ বছর বয়সী এই মহাতারকার। আর এই নিষ্প্রভ পারফরম্যান্সের পর রোনালদোকে নিয়ে কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক তারকা স্ট্রাইকার থিয়েরি অঁরি।

ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের স্টুডিওতে বসে পর্তুগালের আক্রমণভাগের একটি ভুলের ব্যবচ্ছেদ করেন অঁরি। দ্বিতীয়ার্ধে ফ্রান্সিসকো কনসেইসাও এবং ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে রোনালদোর একটি মুভমেন্টের উদাহরণ টেনে অঁরি বলেন, রোনালদো দলের কথা না ভেবে শুধু নিজের গোল করার জন্য খেলছিলেন।

সরাসরি রোনালদোকে ধুয়ে দিয়ে অঁরি বলেন, ‘দলের গোল করা প্রয়োজন, আপনার নিজের গোল করা প্রয়োজন নয়।’

অঁরি ব্যাখ্যা করে বলেন, ‘তখন রোনালদোর উচিত ছিল প্রতিপক্ষের ডিফেন্ডারদের টেনে অন্যদিকে নিয়ে যাওয়া, যাতে ব্রুনো ফার্নান্দেস ফাঁকা জায়গা পান। কিন্তু রোনালদো উল্টো ব্রুনোর লাইনে চলে আসেন। ফলে সেখানে জটলা তৈরি হয় এবং কঙ্গোর ডিফেন্ডাররা সহজেই বল কেড়ে নেয়।’ 

রোনালদো যদি সঠিক সময়ে সঠিক দিকে দৌড়াতেন, তবে পর্তুগাল নিশ্চিত গোলের সুযোগ পেত বলে মনে করেন অঁরি।

শুধু অঁরি একাই নন, ঘানার সাবেক ফুটবলার কেভিন-প্রিন্স বোয়াটেং তো আরও এক কাঠি এগিয়ে বলেছেন, ‘রোনালদোকে ছাড়া পর্তুগাল আরও ভালো দল। রোনালদো মাঠে থাকলে সতীর্থরা সেরা সিদ্ধান্ত নেওয়ার চেয়ে সবসময় তাকেই বল দেওয়ার জন্য চাপে থাকে।’ তাই তাকে শুরুর একাদশে না রেখে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামানোর পরামর্শ দিয়েছেন বোয়াটেং।

টানা ৫টি বিশ্বকাপ ম্যাচ এবং আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলহীন থাকা রোনালদোর জন্য কঙ্গোর বিপক্ষে ম্যাচটি ছিল আরও একটি হতাশার রাত। ৩টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। দলের সেরা তারকা যখন মাঠজুড়ে এভাবে খাবি খাচ্ছেন, তখন অঁরির এই চাঁছাছোলা সমালোচনা পর্তুগাল শিবিরে চাপ আরও বাড়িয়ে দিল।