পুরোপুরি ফিট নন মেসি, স্বীকার করলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তা এখন আর গুজব নয়, বাস্তব। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে কোচ লিওনেল স্কালোনি স্বীকার করে নিয়েছেন, জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময় পুরোপুরি ফিট থাকবেন না অধিনায়ক মেসি।

ইন্টার মায়ামির হয়ে সবশেষ এমএলএস ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফিলাডেলফিয়ার বিপক্ষে ৬-৪ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। এরপর থেকেই আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে শুরু হয় উদ্বেগ।

স্কালোনি অবশ্য জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট খুব খারাপ নয়। তবে এখনও আরও কিছু পরীক্ষার ফলের অপেক্ষায় আছে দল। ডিস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, 'প্রাথমিক আপডেট পুরোপুরি খারাপ নয়। এখন দেখতে হবে পরিস্থিতি কীভাবে এগোয়। আরও কিছু পরীক্ষার ফল আসার পর বোঝা যাবে প্রথম মেডিকেল রিপোর্ট সঠিক কি না।'

ম্যাচে একটি ফ্রি-কিক নেওয়ার পর অস্বস্তি অনুভব করেন মেসি। পরে ইন্টার মায়ামি নিশ্চিত করে, বাঁ হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত অতিরিক্ত চাপের কারণেই তাকে মাঠ ছাড়তে হয়েছে। তবু আর্জেন্টিনা কোচ আশাবাদী, ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে মেসিকে পাওয়া যাবে। যদিও তিনি পুরোপুরি ছন্দে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।

স্কালোনি বলেন, 'আমরা সবাই চেয়েছিলাম মেসি পুরোপুরি ফিট অবস্থায় ক্যাম্পে যোগ দিক। কিন্তু বাস্তবতা সেটা নয়। শুধু মেসি নয়, আরও অনেক খেলোয়াড় এখনও চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়নি। এখন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো তাদের পুনর্বাসন, যাতে বিশ্বকাপে সেরা অবস্থায় নামতে পারে।'

আর্জেন্টিনার দুশ্চিন্তা শুধু মেসিকে ঘিরেই নয়। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার শেষ সময়সীমা ২ জুনের আগে একের পর এক চোটে মাথাব্যথা বেড়েছে স্কালোনির।

এমিলিয়ানো মার্তিনেজ ইউরোপা লিগ ফাইনালের ওয়ার্মআপে ডান হাতের অনামিকা আঙুল ভেঙেছেন। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়ার আশা করছে দল। আরও বেশি উদ্বেগ রয়েছে ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে। টটেনহ্যাম অধিনায়ক ডান হাঁটুর লিগামেন্টে চোট নিয়ে লড়ছেন।

এছাড়া নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েল দুজনেই পেশির চোটে ভুগছেন। কোমোর মিডফিল্ডার নিকো পাস হাঁটুর সমস্যায় ক্লাবের শেষ সিরি আ ম্যাচ খেলতে পারেননি। আর নিকোলাস গনসালেস মাত্রই পেশির চোট থেকে ফেরার শেষ ধাপে আছেন।

এই পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচের জন্য স্কোয়াড বাড়িয়েছেন স্কালোনি। তরুণ খেলোয়াড়দেরও ডেকে নিয়েছেন বিকল্প হিসেবে। তাদের মধ্যে রয়েছেন রিভার প্লেটের সান্তিয়াগো বেলত্রান ও হোয়াকিন ফ্রেইতাস, হামবুর্গের নিকোলাস কাপালদো এবং পালমেইরাসের আগুস্তিন গিয়াই।

স্কালোনির মতে, এই সিদ্ধান্ত শুধু ভবিষ্যতের কথা ভেবে নয়, বরং জরুরি পরিস্থিতির প্রস্তুতি হিসেবেও নেওয়া হয়েছে। তিনি বলেন, 'তারা তরুণ এবং ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আমরা তাদের দেখছি। কিন্তু একই সঙ্গে এমনও হতে পারে, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর থেকে প্রথম ম্যাচের আগে আবার কিছু ঘটে যায়। সেই সময়টাতে এখনও পরিবর্তন আনার সুযোগ থাকবে।'