বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিং সমস্যায় মেসি
লিওনেল মেসিকে ঘিরে বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। সোমবার তার ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় আর্জেন্টাইন মহাতারকার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি ধরা পড়েছে।
রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের ম্যাচে খেলতে নেমে হঠাৎই চোটের ইঙ্গিত দেন মেসি। ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ পায়ের পেছনের অংশ ধরে মাঠ ছাড়ার অনুরোধ করেন তিনি। যদিও মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেছে।
সোমবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, 'অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঁ হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।'
তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, 'তার শারীরিক অবস্থার উন্নতির ওপরই মাঠে ফেরার সময় নির্ভর করবে।'
এই অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে আর্জেন্টিনা শিবিরে। কারণ আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের শিরোপা রক্ষার মিশনে নামবে দলটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের শারীরিক চাপ নিয়ন্ত্রণে রেখে খেলছেন ৩৮ বছর বয়সী মেসি। ব্যস্ত সূচির সময় তাকে অনেক ম্যাচে বিশ্রামও দিয়েছে ক্লাবটি। বর্তমানে এমএলএসেও বিশ্বকাপের জন্য বিরতি চলছে।
২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো মেসি এবারও দলের নেতৃত্ব দেবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে। এটি হতে পারে তার ক্যারিয়ারের রেকর্ড ছোঁয়া ষষ্ঠ বিশ্বকাপ।
আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথা রয়েছে। তার আগে প্রস্তুতি ম্যাচে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার জায়ান্টরা।