ফিফা বিশ্বকাপ ২০২৬

ইবোলা ভাইরাস: যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২১ দিন আইসোলেশনে কঙ্গো দল

স্পোর্টস ডেস্ক

আফ্রিকান দেশটিতে মারাত্মক ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) বিশ্বকাপ ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে ২১ দিন আইসোলেশনে (বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন) থাকতে হবে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি ইএসপিএন-কে বলেন, মার্কিন কর্মকর্তারা বিষয়টি ইতিমধ্যেই ফিফা, কঙ্গো জাতীয় দল এবং কঙ্গো সরকারকে জানিয়ে দিয়েছেন। কঙ্গো দলটি বর্তমানে বেলজিয়ামে অনুশীলনে রয়েছে এবং সেখানেই তাদের একটি ‘বায়ো-বাবল’ বা সুরক্ষিত পরিবেশের মধ্যে থাকতে হবে।

জুলিয়ানি বলেন, ‘আমরা কঙ্গোকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, আগামী ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিন এই বাবল-এর নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘কঙ্গো সরকারকেও আমরা বিষয়টি স্পষ্ট জানিয়েছি। এই নিয়ম না মানলে তারা যুক্তরাষ্ট্রে আসতে পারবে না। এর চেয়ে পরিষ্কার করে বলা সম্ভব নয়। আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের সীমান্তের ভেতরে বা কাছাকাছি এই সংক্রান্ত কোনো ঝুঁকি যেন তৈরি না হয়।’

ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মাধ্যমে ফরাসি সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া আরেকটি বিবৃতিতে জুলিয়ানি জোর দিয়ে বলেন, তাদের কাছে ‘আমেরিকান জনগণ, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো এবং কোটি কোটি দর্শকের নিরাপত্তাই সবার আগে।’

চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, কঙ্গো দলের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সাধারণত গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান ভ্রমণ করা কোনো অ-আমেরিকান নাগরিকের যুক্তরাষ্ট্রে ঢোকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

জুলিয়ানি বলেন, ‘দলটি যাতে বিশ্বকাপে অংশ নিতে পারে, সেজন্য আমরা খেলোয়াড়দের বাইরের মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকতে এবং বাবল-এর নিয়ম মেনে চলতে উৎসাহিত করছি।’

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার জানিয়েছে, কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮২ জন আক্রান্ত ও ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া প্রায় ৭৫০ জন সন্দেহভাজন আক্রান্ত এবং ১৭৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ইবোলার ‘বান্ডিবুজিও’ নামের একটি স্ট্রেনের কারণে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা এখন পর্যন্ত নেই।

আমেরিকা, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ডিআর কঙ্গো এবার নিয়ে মাত্র দ্বিতীয়বার খেলার যোগ্যতা অর্জন করল। এর আগে ১৯৭৪ সালে তারা যখন বিশ্বকাপে খেলেছিল, তখন দেশটির নাম ছিল ‘জায়ারে’।

বিশ্বকাপ চলাকালীন হিউস্টনে থাকার পরিকল্পনা রয়েছে কঙ্গো দলের। আগামী ১৭ জুন পর্তুগালের সঙ্গে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা রয়েছে।