হালান্ড-ওডেগার্ডদের নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নরওয়ের

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসানের পর অবশেষে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে নরওয়ে। আর সেই প্রত্যাবর্তনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এক ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিশেষ এক ভিডিও বার্তায় দল ঘোষণা করেন দেশটির রাজা পঞ্চম হ্যারাল্ড।

আর্লিং হালান্ড ও মার্টিন ওদেগার্ডকে কেন্দ্র করেই সাজানো হয়েছে ২৬ সদস্যের দল। আর্সেনালের মিডফিল্ডার ওডেগার্ড থাকছেন অধিনায়কের ভূমিকায়, আর গোলের প্রধান ভরসা ম্যানচেস্টার সিটির তারকা হালান্ড।

দলে আরও আছেন আন্তনিও নুসা, আলেকজান্ডার সোরলোথ, জুলিয়ান রেয়ারসন, অস্কার বব এবং ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের মতো পরিচিত মুখ।

বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটি ধরা হচ্ছে নরওয়ের গ্রুপটিকে। ‘আই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও ইরাক। তবে কঠিন চ্যালেঞ্জের আগে আত্মবিশ্বাসী কোচ স্টালে সোলবাকেন। তার ভাষায়, দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভালো ফল এনে দেওয়া একটি শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে যাচ্ছে নরওয়ে।

বিশ্বকাপে ওঠার পথটাও ছিল দারুণ। বাছাইপর্বে নিজেদের সবগুলো ম্যাচ জিতেছে নরওয়ে, যেখানে একই গ্রুপে ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিও।

ভিডিও বার্তায় রাজা হ্যারাল্ড বলেন, বিশ্বকাপে ফেরার জন্য দেশটি অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছে। পাহাড়, ফেরি, দূরবর্তী অঞ্চল ও তুষারঢাকা প্রান্তর পেরিয়ে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা কখনো হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

স্কোয়াডে একমাত্র অভিষেকের অপেক্ষায় থাকা ফুটবলার গোলরক্ষক সান্ডার টাংভিক। রাশিয়া থেকে ক্রীড়া নাগরিকত্ব পরিবর্তনের চেষ্টা করা নিকিতা হাইকিন ফিফার আবাসনসংক্রান্ত নিয়মে অনুমতি না পাওয়ায় সুযোগ পেয়েছেন তিনি।

আগামী মাসের শুরুতে সুইডেন ও মরক্কোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নরওয়ে। এরপর ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, সান্ডার টাংভিক, এগিল সেলভিক।

ডিফেন্ডার: ক্রিস্টোফার ভাসব্যাক কপ আয়ের, লিও স্কিরি অস্টিগার্ড, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক আন্দ্রে বিয়োরকান, মার্কুস হোমগ্রেন পেদারসেন, তোরবইর্ন লিসাকার হেগেম, সন্ড্রে ক্লিঙ্গেন লাঙ্গাস, হেনরিক সায়েলেবাকে ফালখেনার, জুলিয়ান রিয়ারসন।

মিডফিল্ডার: মর্টেন থরসবাই, প্যাট্রিক বার্গ, সান্ডার বের্গে, মার্টিন ওডেগার্ড, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থরস্টভেদ্ত, থেলোনিয়াস আসগার্ড, আন্তোনিও এরোমনসেলে নর্ডবি নুসা, আন্দ্রেয়াস রেডারগার্ড শেলদেরুপ, অস্কার বব, ইয়েন্স পেত্তার হাউগে।

ফরোয়ার্ড: আলেকজান্ডার সোরলোথ, এরলিং ব্রাউট হলান্ড, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।