দল ঘোষণা করেই উচ্চাশার বার্তা হাইতির
দীর্ঘ ৫২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে হাইতি। আর ফিরে এসেই শুধু অংশগ্রহণে সন্তুষ্ট থাকতে চায় না ক্যারিবীয় দেশটি। কোচ সেবাস্তিয়ান মিগ্নে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য এবার নকআউট পর্বে জায়গা করে নেওয়া। সে লক্ষ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দলটি।
শুক্রবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে হাইতির কোচ বলেন, বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন অবশ্যই বড় লক্ষ্য, তবে সেটুকুতেই থেমে থাকতে চান না তারা। মিগ্নে বলেন, 'প্রথম লক্ষ্য অবশ্যই বিশ্বকাপের মূল পর্বে প্রথম পয়েন্ট পাওয়া। কিন্তু শুধু এটাকেই লক্ষ্য করলে খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা খুব কম হয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'আমাদের নতুন লক্ষ্য শেষ ৩২-এ জায়গা করে নেওয়া। বড় মঞ্চের চাপ নিয়ে না ভেবে নিজেদের ফুটবল খেলাটাই মাঠে তুলে ধরতে চাই।'
১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলবে হাইতি। তবে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ‘গ্রুপ সি’-তে হাইতির প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবং ইউরোপের শক্তিশালী দল স্কটল্যান্ড।
১৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে হাইতি। এরপর একই দিনে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে তারা।
বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথটাও সহজ ছিল না হাইতির জন্য। দেশজুড়ে গ্যাং সহিংসতা ও মানবিক সংকটের মধ্যেই বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে দলটি। এমন বাস্তবতায় বিশ্বকাপকে দেশের জন্য বড় এক মঞ্চ হিসেবেই দেখছেন মিগ্নে। তার ভাষায়, 'এটা হাইতির জন্য বিশাল এক সুযোগ। এমন মঞ্চ সবসময় আসে না।'
বিশ্বকাপ স্কোয়াডে দুই নতুন মুখও রেখেছেন হাইতির কোচ। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন স্লোভাকিয়াভিত্তিক মিডফিল্ডার দোমিনিক সিমন ও হাঙ্গেরির ক্লাব ফেরেন্সভারোশে খেলা লেনি জোসেফ।
আগামী ২৪ মে ফ্লোরিডায় বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে হাইতি। এরপর ২ জুন নিউজিল্যান্ড এবং ৫ জুন পেরুর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
হাইতির বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: জনি প্লাসিদে, আলেক্সান্দ্রে পিয়েরে, জোসুয়ে ডুভেরগার
ডিফেন্ডার: কার্লেন্স আরকুস, উইলগুয়েন্স পগুয়াঁ, ডিউক লাক্রোয়া, মার্টিন এক্সপেরিয়েন্স, জ্যাঁ-কেভিন ডুভের্নে, রিকার্দো আদে, হানেস ডেলক্রোয়া, কিটো থারমন্সি
মিডফিল্ডার: লেভারটন পিয়েরে, কার্ল-ফ্রেড সেইন্থে, জ্যাঁ-জ্যাক দানলে, জ্যাঁ-রিকনার বেলেগার্দ, পিয়েরে উডেনস্কি, দোমিনিক সিমন
ফরোয়ার্ড: লুইসিয়ুস ডিডসন, রুবেন প্রভিডেন্স, জোসুয়ে কাসিমির, ডেরিক এতিয়েন, উইলসন ইসিদর, ডাকেন্স নাজোঁ, ফ্রান্টজদি পিয়েরো, ইয়াসিন ফর্চুন, লেনি জোসেফ।