সম্মানের নিশ্চয়তা না পেলে বিশ্বকাপে নাও যেতে পারে ইরান

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই, কিন্তু অংশগ্রহণ নিয়ে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিল ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যথাযথ সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা না পেলে ২০২৬ বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তও নিতে পারে ইরান।

বুধবার তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাজ জানান, আগামী তিন-চার দিনের মধ্যেই জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে ইরানের প্রত্যাশা স্পষ্টভাবে তুলে ধরা হবে।

তাজ বলেন, 'আমরা ফিফাকে জানাব আমাদের প্রত্যাশার কথা। যদি তারা সেগুলোর সমাধান দিতে পারে, তাহলে অবশ্যই আমরা অংশ নেব। কিন্তু যদি সম্মান নিশ্চিত করা না হয়, তাহলে আমাদের বা আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে অপমান করার অধিকার কারও নেই।'

তিনি আরও সতর্ক করে বলেন, 'যদি অসম্মানজনক আচরণ চলতেই থাকে, এমনকি আমাদের খেলোয়াড়দেরও এ ধরনের প্রশ্নের মুখোমুখি করা হয়, তাহলে আমরা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারি।'

সম্প্রতি কানাডা সরকার মেহদি তাজকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার অতীত সম্পর্ক। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দেশই আইআরজিসিকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই তাজের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, 'আমাদের জাতীয় দল যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাচ্ছে না, তারা যাচ্ছে ফিফা বিশ্বকাপে অংশ নিতে। তাই প্রয়োজনীয় পরিবেশ ও সুবিধা নিশ্চিত করার দায়িত্ব ফিফার।'

তার মতে, আয়োজক দেশগুলোরও দায়িত্ব রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য বাদ দিয়ে ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার। 'ফিফা নিজেদের বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি,' যোগ করেন তিনি।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই সংঘাত পুরো অঞ্চলের পরিস্থিতিকেই অস্থির করে তোলে।

এদিকে বিশ্বকাপ প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে ইরান। কোচ আমির ঘালেনোই জানিয়েছেন, প্রথমে ৩০ সদস্যের একটি দল ঘোষণা করা হবে, যা পরে কমিয়ে ২৬ জনে আনা হবে। তুরস্কে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে দলটি বিশ্বকাপ শুরুর ১৪ দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরিকল্পনা করছে।

তবে প্রস্তুতি ম্যাচ আয়োজনেও সমস্যার মুখে পড়েছে ইরান। ঘালেনোই জানান, কয়েকটি দল শেষ মুহূর্তে সরে যাওয়ায় প্রীতি ম্যাচ আয়োজন জটিল হয়ে উঠেছে। ফলে দলটি আরও এক সপ্তাহ তেহরানেই অনুশীলন করবে, এরপর ১৬ মে তুরস্কে যাবে।

গ্রুপ পর্বে ইরান তাদের অভিযান শুরু করবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টে তাদের বেস ক্যাম্প হবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কিনো স্পোর্টস কমপ্লেক্সে।