ছাঁটাই হলেন বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবের সেই কোচ
২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এমন অবস্থায় সৌদি আরবের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হার্ভে রেনারকে। শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই ফরাসি।
৫৭ বছর বয়সী রেনার ২০২৪ সালের শেষের দিকে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের কোচ হিসেবে ফিরে এসেছিলেন। এর আগে গত কাতার বিশ্বকাপে তার অধীনেই খেলেছিল দলটি। সেখানে পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বে অঘটন ঘটিয়ে এক ঐতিহাসিক জয় পেয়েছিল তারা।
ছাঁটাই হওয়া নিয়ে রেনার এএফপিকে বলেন, 'ফুটবল এমনই... সৌদি আরব সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুবারই ছিল আমার অধীনে। আর আমিই একমাত্র কোচ যে বাছাইপর্ব ও বিশ্বকাপ— উভয় ক্ষেত্রেই তাদেরকে নেতৃত্ব দিয়েছি। সেটা ছিল ২০২২ সালে। অন্তত এই গর্বটুকু আমার থাকবে।'
জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে দুবার আফ্রিকা কাপ অব নেশন্সজয়ী রেনার ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সৌদি আরবের দায়িত্বে ছিলেন। এরপর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন রবার্তো মানচিনি। অন্যদিকে, মাঝে ফ্রান্স নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন রেনার। ২০২৩ নারী বিশ্বকাপ ও ২০২৪ অলিম্পিক— উভয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছান তিনি।
পরবর্তীতে মানচিনির শূন্যস্থান পূরণ করতে রেনারকে আবারও ফিরিয়ে আনে সৌদি আরব। ইতালিয়ান কোচ মানচিনি ১৪ মাসের এক হতাশাজনক অধ্যায় শেষে তার পদ ছেড়েছিলেন। রেনারের জায়গায় নতুন কোচ হিসেবে গ্রিসের সাবেক আন্তর্জাতিক ফুটবলার জর্জিওস দনিসের নাম শোনা যাচ্ছে।
আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে, সৌদি ফুটবল ফেডারেশন ও সৌদি ক্লাব আল খালিজের মধ্যে বর্তমানে আলোচনা চলছে। ২০২৪ সাল থেকে দনিস আল খালিজের কোচের দায়িত্ব পালন করছেন।