ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের নারী এককের ফাইনালে নিশ্চিত হয়েছে শীর্ষ দুই বাছাইয়ের ব্লকবাস্টার লড়াই। শুক্রবার সকালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে কোকো গফকে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছেন এলিনা রিবাকিনা। সেখানে তার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।
ফাইনালের ফল যা-ই হোক, মেয়েদের টেনিসের র্যাঙ্কিং হালনাগাদ হলে সাবালেঙ্কার ৯৯ সপ্তাহের রাজত্ব শেষ করে শীর্ষস্থানে বসবেন রিবাকিনা। তার আগে আগামী রোববারের ফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে ইউএস ওপেনে টানা তৃতীয় শিরোপা জয় থেকে বঞ্চিত করার সুযোগ থাকছে তার সামনে। ২০১৩ সালে সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কার পর এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন দুই শীর্ষ বাছাই তারকা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের গফের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে জয় পান কাজাখস্তানের রিবাকিনা। গ্যালারিতে উপস্থিত সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ স্বাগতিক দর্শকদের প্রবল সমর্থনের সামনে প্রথম সেটে দারুণ আধিপত্য দেখান গফ। ষষ্ঠ গেমে ব্রেক পয়েন্ট নিয়ে প্রথম সেট জিতে তিনি। তবে দ্বিতীয় সেটে গফের কিছু ভুলের সুযোগ কাজে লাগিয়ে দারুণভাবে লড়াইয়ে ফেরেন রিবাকিনা।
নির্ধারণী সেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন দ্বিতীয় বাছাই রিবাকিনা। ব্রেক পয়েন্ট নিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান। চতুর্থ বাছাই গফও অবশ্য হাল ছাড়েননি। কিন্তু তিনি নিজের সার্ভ ধরে রাখতে ব্যর্থ হলে রিবাকিনার জয় নিশ্চিত হয়।
ম্যাচের পর অনুভূতি জানিয়ে ২৭ বছর বয়সী রিবাকিনা বলেন, ‘আমি দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শুধু বলেছিলাম, আমাকে লড়াই চালিয়ে যেতে হবে এবং ভালো টেনিস খেলতে হবে।’
এর আগে প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের আরেক তারকা জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে উড়িয়ে নিজের আধিপত্যের জানান দেন বেলারুশের সাবালেঙ্কা। উন্মুক্ত যুগে তৃতীয় নারী হিসেবে ইউএস ওপেনে টানা তিনবার একক ইভেন্টে শিরোপা জয়ের সুযোগ এখন তার সামনে। তবে সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন রিবাকিনা।
২০২২ সালের উইম্বলডনজয়ী রিবাকিনা চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েই ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। এবার ইউএস ওপেনের ফাইনালে কি একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে নাকি টানা তৃতীয় শিরোপার উল্লাসে মাতবেন সাবালেঙ্কা— সেই উত্তরের অপেক্ষায় টেনিস বিশ্ব।