অনূর্ধ্ব-২০ নারী হকিতে ইতিহাস সেরা সাফল্য, রয়েছে বিশ্বকাপে খেলার সুযোগও
অনূর্ধ্ব-২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ। আসরের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে লাল-সবুজের মেয়েরা। এর আগে এই আসরে নবম হওয়া ছিলো দলটির সেরা সাফল্য।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় দুই দল। রোমাঞ্চকর এই লড়াইয়ের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
অবশেষে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার ফিল্ড গোলে ব্যবধান ২-০ করেন কনা। ম্যাচের শেষ দিকে মালয়েশিয়া এক গোল শোধ করলেও জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
মালয়েশিয়ার শক্ত রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয়কে দেশের হকির অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন হকি ফেডারেশন। টুর্নামেন্টজুড়ে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে শেষ পর্যন্ত স্থান তালিকায় পঞ্চম স্থান অর্জন করল বাংলাদেশ।
এশিয়া কাপ থেকে সেরা চারটি দল সরাসরি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পায়। তবে পঞ্চম হয়েও বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো উজ্জ্বল। ভারত যদি আগামী বিশ্বকাপের স্বাগতিক হয়, তবে পঞ্চম স্থানে থাকা দল হিসেবে বাংলাদেশও মূল পর্বে খেলার টিকিট পেয়ে যেতে পারে।
বিষয়টি নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের কোচ জাহিদ হোসেন রাজু। তিনি বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছেন আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে পঞ্চম হলে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’
এমন অনবদ্য জয়ের পর বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে দলের সব খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালদের প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।