রিয়ালে না যোগ দেওয়ায় রদ্রিকে কুর্তোয়ার খোঁচা
রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। কিন্তু শেষ পর্যন্ত সব হিসাব পাল্টে বার্সেলোনায় যোগ দিয়েছেন রদ্রি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে স্প্যানিশ মিডফিল্ডারের এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া। সরাসরি নাম না বলেও রদ্রিকে দিয়েছেন কড়া খোঁচা।
এস্পানিওলের বিপক্ষে কষ্টার্জিত ২-১ গোলের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন কুর্তোয়া। সেখানেই উঠে আসে রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার প্রসঙ্গ।
রিয়ালে যোগ দেওয়ার বদলে বার্সেলোনাকে বেছে নেওয়ায় রদ্রির সিদ্ধান্ত নিয়ে কুর্তোয়া বলেন, 'প্রত্যেক খেলোয়াড়ই ঠিক করে সে কোথায় খেলতে চায়। সে যদি আমাদের সঙ্গে থাকতে না চেয়ে থাকে, তাহলে সেটা তারই ক্ষতি।'
তবে রদ্রির সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাননি বেলজিয়ান গোলরক্ষক, 'শেষ পর্যন্ত সে একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু সে নিজের সিদ্ধান্ত নিয়েছে, ব্যস—এটাই।'
রদ্রির বার্সেলোনায় যাওয়ার আগে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনাই জোরালো ছিল। এমনকি রিয়ালের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ তারকা বেছে নেন বার্সাকে, যা দুই ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বিতার কারণে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে রদ্রি ও জোয়াও ক্যানসেলো কিছু সময়ের জন্য একই হোটেলে অবস্থান করেছিলেন রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে। বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় কুর্তোয়াকে। হোটেলে রদ্রির উপস্থিতিকে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে চাননি তিনি।
'সে আমাদের হোটেলে ছিল? এটা তো বড় একটি হোটেল। সেখানে আরও অনেক মানুষ থাকবেই। এটাই স্বাভাবিক,' বলেন কুর্তোয়া।