স্বপ্নের বার্সায় রদ্রি, অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টেনে স্বপ্নের ক্লাব বার্সেলোনায় পাড়ি জমাতে চলেছেন রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার সোমবার বার্সেলোনায় পৌঁছেছেন। এখন কেবল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।

বিমানবন্দরে সাংবাদিকদের রদ্রি বলেন, 'এখানে এসে আমি খুবই খুশি। গত কয়েকটি দিন বেশ কঠিন ছিল, তবে এখন সবকিছু ঠিকঠাক হয়েছে। অবশ্যই, বার্সেলোনার হয়ে খেলা আমার স্বপ্ন।'

৩০ বছর বয়সী এই মিডফিল্ডার বার্সেলোনায় যোগ দিতে আর তর সইছে না তারও জানিয়ে দিয়েছেন। স্পেন জাতীয় দলের সতীর্থদের অনেককেই বার্সেলোনায় আগে থেকেই চেনেন তিনি।

রদ্রি বলেন, 'সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। জাতীয় দলে তাদের অনেকের সঙ্গেই আমি খেলেছি। এখন কাজে নেমে পড়ার সময় এবং নিজেদের সর্বস্ব দেওয়ার সময়।'

বার্সেলোনায় নিজের প্রধান লক্ষ্যও স্পষ্ট করেছেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা, 'চ্যাম্পিয়নস লিগ এবং সামনে যা কিছু আসবে, সবকিছুর জন্যই লড়াই করাই আমাদের লক্ষ্য।'

রদ্রির বার্সেলোনায় আসার বিষয়টি প্রায় চূড়ান্ত হয় রোববার। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরোর ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় পৌঁছায় বলে কাতালান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বার্সেলোনার একটি সূত্রও জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গত দুই মৌসুমে চোটের কারণে রদ্রিকে বেশ কিছু সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে গত মাসে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সিটির হয়ে সাত মৌসুমে একাধিক শিরোপা জেতা রদ্রি এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের হয়েও খেলেছেন। এবারের দলবদলে তার ভবিষ্যৎ নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেও ঘনিষ্ঠতার খবর ছিল। শেষ পর্যন্ত অবশ্য নগর প্রতিদ্বন্দ্বী নয়, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকেই বেছে নিলেন স্প্যানিশ তারকা।