রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকে ‘চমৎকার ও স্বাভাবিক’ বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে। তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোও ক্যারিয়ারের শেষ প্রান্তে। ইতিহাসের অন্যতম সেরা এই দুই খেলোয়াড় যখন অবসর নেবেন, তখন ফুটবল বিশ্ব এক অনন্য যুগের শেষ দেখবে। অবসান ঘটবে গত এক যুগেরও বেশি সময় ধরে চলা শ্রেষ্ঠত্বের লড়াইয়ের।

২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত মেসি ছিলেন স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায়। অন্যদিকে, রোনালদো ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেন লা লিগা ও ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে। তারা যখন একে অপরের মুখোমুখি হতেন, তখন অবধারিতভাবেই গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদের নজর চলে যেত সেদিকে। কারণ, সেখানে থাকত দক্ষতা, রোমাঞ্চ, উত্তেজনার ও প্রতিদ্বন্দ্বিতার সমস্ত রসদ।

সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পেনের ঘরোয়া লিগ ও ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় রোনালদোর সঙ্গে সেই তুখোড় লড়াই নিয়ে মুখ খুলেছেন মেসি। তিনি বলেছেন, 'যা ঘটেছিল, তা ছিল একটি চমৎকার খেলাধুলাকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা। ফুটবল দুনিয়ায় এটি খুব স্বাভাবিক একটি ব্যাপার।'

ক্লাব পর্যায়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি আছেন এমএলএস কাপে টানা দ্বিতীয় শিরোপার খোঁজে। অন্যদিকে, সৌদি আরবের আল নাসরের জার্সিতে রোনালদো পাচ্ছেন প্রো লিগে প্রথম শিরোপার সুবাস। লা লিগার সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করে মেসি আরও বলেছেন, 'আমি ছিলাম বার্সেলোনায় আর সে ছিল রিয়াল মাদ্রিদে। আমরা দলগত ও ব্যক্তিগত— উভয় ক্ষেত্রেই সবকিছুর জন্য লড়াই করতাম। তাই মানুষ সব সময়ই আমাদের মধ্যে তুলনা করত।'

মাঠের বাইরে দুজনের সম্পর্ক কেমন ছিল, তা স্পষ্ট করে জানিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা, 'আমাদের সম্পর্ক সব সময়ই ভালো ও শ্রদ্ধাপূর্ণ ছিল। যা কিছু ঘটেছিল, তার পুরোটাই ছিল খেলাধুলাকেন্দ্রিক। সেখানে ব্যক্তিগত কোনো বিদ্বেষ ছিল না।'

ক্রীড়াসুলভ প্রতিদ্বন্দ্বিতার কথা ফের উঠে আসে তার কণ্ঠে, 'ম্যাচ বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়া আমাদের খুব একটা দেখা হতো না। তারপরও আমাদের মধ্যে সব সময়ই ভালো সম্পর্ক ছিল। এখন আমরা জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে অবস্থান করছি। তবে আমাদের মধ্যে যা ছিল, তা হলো একটি চমৎকার খেলাধুলাকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা।'

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে মেসি ও রোনালদো ইতিহাস গড়তে চলেছেন। সবকিছু ঠিক থাকলে রেকর্ড ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের নজির স্থাপন করবেন তারা। ৩৯ বছর ছুঁইছুঁই মেসি এবং ৪১ বছর বয়সী রোনালদোর মধ্যকার সুদীর্ঘ লড়াই এখন শেষের পথে। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই বিশ্ব আসরের নক-আউট পর্বে তাদের মুখোমুখি হওয়ার একটি রোমাঞ্চকর সম্ভাবনাও রয়েছে।