চ্যাম্পিয়ন্স লিগ না জিতে বার্সেলোনা ছাড়তে চান না ফ্লিক
বার্সেলোনা অধ্যায়ে ঘরোয়া ফুটবলে সফলতা পেলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হ্যান্সি ফ্লিক। প্রথমবার সেমি-ফাইনালে ইতালিয়ান ইন্টার মিলানের কাছে, দ্বিতীয়বার স্বদেশী ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে কোয়ার্টার ফাইনালেই। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর না জিতে থামতে চান না এই জার্মান কোচ। কাতালান ক্লাবে নিজের যাত্রাকে আরও দীর্ঘ করতে চান তিনি।
লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক পরিষ্কার করে দিয়েছেন তার ইচ্ছার কথা। বর্তমান চুক্তি নবায়ন করে ২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকতে চান এই ৬১ বছর বয়সী কোচ। সরাসরি প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটাই অবশ্যই আমার পরিকল্পনা। আমি আগেও বলেছি, এটা হবে আমার কোচিং ক্যারিয়ারের শেষ ধাপ। এখন আমি খুব ভালো অনুভব করছি।'
তবে ফ্লিকের স্বপ্ন শুধু চুক্তি নবায়নে সীমাবদ্ধ নয়। তার লক্ষ্য আরও বড়, ইউরোপের সেরা হওয়ার মঞ্চে আবারও জয় ছিনিয়ে আনা। “উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমার জন্য বিশাল স্বপ্ন। আমি বিশ্বাস করি, আমরা পারব। আমাদের দল অসাধারণ, তরুণ এবং সম্ভাবনাময়। তবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে ট্রান্সফার মার্কেটে, কোনো ভুল না করে,' বলেছেন তিনি।
তার আরেকটি ব্যক্তিগত ইচ্ছাও স্পষ্ট। বার্সেলোনার নতুন স্টেডিয়াম সম্পূর্ণ হওয়ার সময়ও যেন তিনিই দলের কোচ থাকেন। যদিও বাস্তবতার কথাও ভুলে যাননি ফ্লিক, 'সবকিছুই শেষ পর্যন্ত পারফরম্যান্সের ওপর নির্ভর করে।'
বর্তমানে কোচ হিসেবে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ফ্লিক। জার্মানি জাতীয় দল এবং বায়ার্ন মিউনিখের সঙ্গে সফল সময় কাটানোর পর বার্সেলোনায় এসে যেন নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন তিনি, 'এখানে আমি সত্যিই অনুভব করি, সবকিছুই সেরা। আমার ক্যারিয়ার, আমার জীবন, সবকিছু আমরা উপভোগ করছি। আমার পরিবার, স্টাফ সবাই এখানে খুশি।'
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার হতাশাকেও ইতিবাচক শক্তিতে পরিণত করতে চান এই কোচ। তার মতে, এই ব্যর্থতাই দলকে আরও একতাবদ্ধ করবে এবং সামনে আবারও লড়াইয়ের অনুপ্রেরণা জোগাবে। 'আমাদের একসঙ্গে থাকতে হবে এবং আবার চেষ্টা করতে হবে, আশা করি খুব শিগগিরই সেই সাফল্য আসবে,' যোগ করেন ফ্লিক।