ব্যালন ডি’অরের জন্য প্রচারণা নয়, পারফরম্যান্সেই বিশ্বাস ইয়ামালের
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী লামিনে ইয়ামাল। তবে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিততে কারও কাছে অনুরোধ করতে বা নিজের পক্ষে প্রচারণা চালাতে রাজি নন বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা। তার বিশ্বাস, মাঠের পারফরম্যান্সই যদি যথেষ্ট হয়, তাহলে পুরস্কার এমনিতেই আসবে।
চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্দের বিপক্ষে বার্সেলোনার অভিষেক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ইয়ামাল। নিজের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি বলেন, 'আমার মনে হয়, আমার খুব ভালো সুযোগ আছে। তবে দেখা যাক।'
তবে পুরস্কারটি শেষ পর্যন্ত তার হাতে উঠবে কি না, সেই সিদ্ধান্ত তার নিজের হাতে নেই বলেও মনে করিয়ে দিয়েছেন বার্সার এই তরুণ তারকা। তার মতে, শেষ কথা বলবেন ভোটাররাই।
'প্রথমত, এটা আমার ওপর নির্ভর করে না, আপনাদের ওপর নির্ভর করে। ক্লাব ও জাতীয় দলের হয়ে আমরা যে কাজ করেছি, তা অবিশ্বাস্য। যদি এটা ঘটে, তাহলে প্রথমেই আমার ক্লাব ও জাতীয় দলের প্রতি কৃতজ্ঞ থাকব,' সাংবাদিকদের উদ্দেশে বলেন ইয়ামাল
নিজের পক্ষে ব্যালন ডি’অরের প্রচারণা চালানোর কোনো ইচ্ছাও নেই তার। বরং বিষয়টি পুরোপুরি ভোটারদের ওপর ছেড়ে দিয়েছেন ইয়ামাল, 'আমার মনে হয় না, আমাকে সেটা করতে হবে। আমি এসব নিয়ে ভাবছি না। আমি আমার দল ও জাতীয় দল নিয়ে গর্বিত। আমরা বিশ্বচ্যাম্পিয়ন, এর চেয়ে বেশি আর কী চাইতে পারি? এটা আপনাদের কাজ। আমি কোনো কিছুর জন্য অনুরোধ করতে যাচ্ছি না।'
অর্থাৎ, নিজের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী হলেও ব্যালন ডি’অরের জন্য কারও দরজায় কড়া নাড়তে চান না ইয়ামাল। তাঁর অবস্থান পরিষ্কার, নিজের কাজ তিনি করেছেন, এখন সিদ্ধান্ত অন্যদের।
১৯ বছর বয়সেই অবশ্য ইয়ামালের সামনে ব্যালন ডি’অর জেতার মতো শক্তিশালী যুক্তিও রয়েছে। বার্সেলোনার হয়ে তার পারফরম্যান্সের পাশাপাশি স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের কৃতিত্বও তার পক্ষে বড় বিষয়। ইয়ামাল নিজেও মনে করেন, ক্লাব ও জাতীয় দলের হয়ে করা কাজটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষুধাও স্পষ্ট করেছেন ইয়ামাল, 'এর চেয়ে বড় প্রেরণা আর কিছু হতে পারে না যে, আমাদের এখনো চ্যাম্পিয়নস লিগ জেতা বাকি। এটাই আমাদের জেতার বাকি থাকা প্রতিযোগিতা। আমাদের দলে দুর্দান্ত সব খেলোয়াড় আছে, আমরা চেষ্টা করে যাব।'