চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় বার্সা, সঙ্গে টানা তিন লিগ শিরোপাও

স্পোর্টস ডেস্ক

ইউরোপসেরার সাফল্যের স্বপ্ন তো আছেই, তবে ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্যও স্পষ্ট বার্সেলোনার। হ্যান্সি ফ্লিকের অধীনে গত মৌসুমে লা লিগা জেতা দলটি এবার টানা তৃতীয়বারের মতো স্পেনের শীর্ষ লিগের শিরোপা জিততে চায়। জার্মান কোচের কাছে চ্যাম্পিয়ন্স লিগ জয় যেমন স্বপ্ন, তেমনি টানা তিন লিগ শিরোপার কীর্তিও কম গুরুত্বপূর্ণ নয়। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতিটি ম্যাচে নিজেদের মান, মনোযোগ ও ক্ষুধা ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

লেভান্তের বিপক্ষে লা লিগার পঞ্চম রাউন্ডের ম্যাচ সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে বার্সেলোনার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ফ্লিক। দলকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে তিনি জানান, মৌসুমের শুরুতে ভালো ছন্দে থাকলেও এখনই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।

চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা, দুই প্রতিযোগিতাতেই দলের লক্ষ্য নিয়ে ফ্লিক বলেন, ‘কিছুই বদলায়নি। সবাই চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, এটি আমাদের স্বপ্ন। তবে টানা তিনটি লিগ শিরোপা জেতাও গুরুত্বপূর্ণ। এটি অবিশ্বাস্য ব্যাপার হবে। যদিও এখনো আমাদের অনেক দূর যেতে হবে।’

বার্সেলোনার বর্তমান পারফরম্যান্সে সন্তুষ্ট ফ্লিক। তবে প্রতিটি ম্যাচেই সেই মান প্রমাণ করতে হবে বলে মনে করেন তিনি। জার্মান কোচের ভাষায়, ‘আমরা যে পর্যায়ে খেলছি, তাতে খুবই খুশি। কিন্তু জানি, প্রতিটি ম্যাচে আমাদের তা প্রমাণ করতে হবে। আমরা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানি। তবে মানসিকতা, মনোযোগ ও তীব্রতা ধরে রাখতে হবে।’

দলের উন্নতির কোনো শেষ নেই বলেও মনে করিয়ে দিয়েছেন এই জার্মান কোচ, ‘লক্ষ্য সব সময়ই উন্নতি করা। এটি আমাদের খেলোয়াড় ও কোচের কাজ। আমরা তা করতে পারি। আমাদের ক্ষুধার্ত থাকতে হবে।’

দলের শুরুটা যেভাবে হয়েছে, তাতেও সন্তুষ্ট বার্সেলোনা কোচ। তবে ফুটবলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে, তাই নিজেদের পরিকল্পনা ও খেলার ধরনে শতভাগ নিবেদিত থাকার কথা জানিয়েছেন তিনি, ‘আমরা যেভাবে খেলতে চাই, এটাই সেই পথ। আমরা জানি, সবকিছু দ্রুত বদলে যেতে পারে। আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং এভাবেই এগিয়ে যেতে চাই।’

দলের ভালো ছন্দ ধরে রাখতে নিয়মিত রোটেশনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন ফ্লিক, ‘আমি মনে করি, এটি খেলারই অংশ। আপনাকে মেনে নিতে হবে যে অন্য কেউ খেলবে। প্রতিটি পজিশনে আমার দুই বা তিনটি বিকল্প আছে। খেলোয়াড়দের মেনে নিতে হবে যে অন্যরাও মাঠে নামবে। আমাদের এই ভালো ধারাটা ধরে রাখতে হবে।’

আগামী বুধবারের ম্যাচ কিংবা সেভিয়ার বিপক্ষে পরবর্তী লড়াই নিয়ে না ভেবে আপাতত লেভান্তের ম্যাচেই মনোযোগ দিতে চান এই কোচ, ‘আমরা যেসব বিষয় নিয়ন্ত্রণ করতে পারি, সেগুলোতেই মনোযোগ দিচ্ছি। কোমোও খুব ভালো খেলেছে। গুরুত্বপূর্ণ হলো পরের ম্যাচ। আমি বুধবারের ম্যাচ বা সেভিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি না। আমার মনোযোগ এই ম্যাচে। আমি এক দিন করে এগোতে চাই। আমরা খুব ভালো একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো অনেক পথ বাকি।’