‘বিশ্বকাপ কারও ব্যক্তিগত নয়’, ট্রাম্পকে জবাব ইরানের

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘নিরাপত্তা হুমকির’ কড়া জবাব দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ব্যক্তি বা দেশের ইচ্ছায় নয়, বরং নিজেদের যোগ্যতায় তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং তাদের বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের জাতীয় ফুটবল দল জানায়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন, যার নিয়ন্ত্রক সংস্থা ফিফা, কোনো ব্যক্তি বা দেশের নয়। তাই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, 'ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু আমি মনে করি তাদের সেখানে উপস্থিত থাকাটা সঠিক হবে না। তাদের নিজেদের জীবন এবং নিরাপত্তার স্বার্থেই আমি এটা বলছি।'

অথচ এর মাত্র দুদিন আগে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ চললেও ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়, যদি কোনো দেশ বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেই দেশেরই সহ-আয়োজক থাকার প্রশ্ন উঠতে পারে।

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

যদিও পরে আরেক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজন করতে মুখিয়ে আছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড় ও দর্শকদের জন্য পুরো আয়োজনই নিরাপদ হবে। তিনি আরও জানান, টিকিট বিক্রিও ব্যাপক হারে বাড়ছে।