ইরানকে উড়িয়ে শুরু দক্ষিণ কোরিয়ার

স্পোর্টস ডেস্ক

কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে সোমবার নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। লড়াকু হলেও শক্তিতে পিছিয়ে থাকা ইরানকে ৩–০ গোলে হারিয়ে ‘পুল এ’-এর শীর্ষে উঠে গেছে কোরিয়ানরা।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে ২০২২ আসরে রানার-আপ হওয়া দক্ষিণ কোরিয়া। অন্যদিকে নিজ দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মাঠে পড়েনি ইরানের খেলায়; গ্যালারিতে কিছু সমর্থক পতাকা উড়িয়ে দলকে উৎসাহ দেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে কোরিয়ানরা, আর ইরান রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকে। প্রথমার্ধের বড় সময়জুড়ে এই কৌশল কার্যকর ছিল, কোরিয়ার বল দখল ছিল ৮১ শতাংশ এবং তারা নেয় ২০টি শট।

৩৭তম মিনিটে ডেডলক ভাঙে। জ্যাং সেল-গির শট পোস্টে লেগে ফিরে এলে বল পেয়ে যান চোয়ে ইউ-রি, যিনি বাম পায়ে জালে পাঠিয়ে বিরতির আগে দলকে এগিয়ে দেন। বিরতির পর তিনটি পরিবর্তন এনে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে ইরান। ৫৬তম মিনিটে জাহরা গানবারি একটি সুযোগ পেলেও তার শট সরাসরি গোলরক্ষক কিম মিন-জুংয়ের হাতে যায়।

এর চার মিনিট পরই ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত হয়ে যায়। বক্সে লি ইউন-ইয়ংকে ফাউল করলে পেনাল্টি পায় কোরিয়া, যা ঠাণ্ডা মাথায় জালে জড়ান কিম হে-রি। ৭৫তম মিনিটে কোরিয়ান অধিনায়ক কো ইউ-জিন হেডে গোল করে ব্যবধান ৩–০ করেন, এটি ছিল দেশের হয়ে তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড কেসি ফেয়ার মনে করেন, দল আরও বেশি গোল করতে পারত। “আমরা খুব কঠোর পরিশ্রম করেছি এবং ভালো খেলেছি, কিন্তু আরও কয়েকটি গোল করা সম্ভব ছিল। কিছু সুযোগ নষ্ট হয়েছে, এগুলো অনুশীলনে ঠিক করা যাবে। তবু টুর্নামেন্টের জন্য এটি দারুণ শুরু,” বলেন তিনি।

রোববার ফিলিপাইনের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে উঠে আসে দক্ষিণ কোরিয়া। পরবর্তী ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে ফিলিপাইনের বিপক্ষে, আর অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ইরানের। দুটি ম্যাচই বৃহস্পতিবার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে।