সিডনির গরমে ঘাম ঝরছে বাটলারের শিষ্যদের

স্পোর্টস ডেস্ক

এশিয়ার শ্রেষ্ঠ নারী ফুটবল আসরের আগে অস্ট্রেলিয়ার উষ্ণ আবহাওয়ায় নিজেদের মানিয়ে নিতে কঠোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের অনুশীলন সম্পন্ন করেছে দলটি।

আগামী এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিতে বৃহস্পতিবার রাতে সিডনিতে পৌঁছায় দল। কোচ পিটার বাটলারের দল ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নয়বারের চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দলের।

রোববারের প্রায় দুই ঘণ্টার অনুশীলনে বল দখল, ট্রানজিশন এবং বল নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শেষে ৪০ মিনিটের প্রস্তুতি ম্যাচও খেলেন ফুটবলাররা। শুরুতে আবহাওয়া কিছুটা সহনীয় থাকলেও পরে রোদ বাড়ায় খেলোয়াড়দের সহনশীলতার কঠিন পরীক্ষা দিতে হয়।

সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী জানিয়েছেন, দল ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় দ্বিতীয় দিনের অনুশীলন ভালো হয়েছে। এখানে খুব গরম, তবে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছি। প্রতিদিনই পরিস্থিতি একটু একটু করে সহজ লাগছে।”

তিনি আরও বলেন, “আবহাওয়া সত্যিই কঠিন। এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারিনি, বাংলাদেশ থেকেও এখানে বেশি গরম মনে হচ্ছে।”

কঠিন প্রস্তুতি এবং শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার চাপ থাকলেও দলের মধ্যে বন্ধন আরও দৃঢ় হচ্ছে বলেও জানান আনিকা।

“আমি আবার আফঈদা খন্দকারের সঙ্গে রুমে আছি, সিডনিতে আমরা খুব মজা করছি। দলের বোঝাপড়াও দিন দিন ভালো হচ্ছে,” বলেন তিনি।

সকালের অনুশীলনের পর খেলোয়াড়রা আইস বাথ নিয়ে শরীর পুনরুদ্ধারের কাজ করেন। পরে দিনেই আবার দুই দলে ভাগ হয়ে জিম সেশন সম্পন্ন করেন, যা পরিচালনা করেন শক্তি ও ফিটনেস কোচ ক্যামেরন লর্ড।