পাসপোর্ট না থাকার খবর ‘সত্য নয়’, বললেন রেকর্ডগড়া রাজাউল্লাহ
ইংল্যান্ড সফরে পাকিস্তানের টানা ব্যর্থতায় অদল-বদলের স্রোতে টেস্ট স্কোয়াডে সুযোগ পান ২২ বছর বয়সী তরুণ পেস বোলিং অলরাউন্ডার রাজাউল্লাহ। তবে স্কোয়াডে তার অন্তর্ভুক্তি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক চটকদার ও মুখরোচক গল্প ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া সেসব খবরে দাবি করা হয়, জাতীয় দলে ডাক পাওয়ার সময় রাজাউল্লাহর নাকি কোনো পাসপোর্টই ছিল না! এমনকি তার পাহাড়ি গ্রামের বাড়িতে ফোন বন্ধ থাকায় পিসিবি কর্মকর্তা বা কোচ পাঠিয়ে তাকে খুঁজে বের করা হয় এবং রাতারাতি বিশেষ ব্যবস্থায় জরুরি পাসপোর্ট বানিয়ে ইংল্যান্ডের বিমানে তোলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই ভুয়া খবর কোনোপ্রকার যাচাই-বাছাই ছাড়াই গালফ নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও মূল সংবাদ হিসেবে জায়গা করে নেয়।
তবে টেস্ট অভিষেকেই তোলপাড় ফেলা এই তরুণ ক্রিকেটার পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ৯ ছক্কায় ৬৩ বলে ৮১ রানের ইনিংস খেলে আসার পর মিডিয়ার সামনে সেই খবরকে পুরোপুরি নাকচ করে রাজাউল্লাহ বলেন, ‘পাসপোর্ট না থাকার খবরটি একদম সত্য নয়। ইংল্যান্ড সফরের দল ঘোষণার অনেক আগেই—প্রায় এক বছর আগে থেকেই আমার কাছে বৈধ পাসপোর্ট ছিল।’
এজবাস্টন টেস্টে সুযোগ পেয়ে বল হাতে নিজের খেলা প্রথম স্পেলেই ১৪৮+ কিমি (৯২ মাইল) গতিতে ঝড় তোলেন এবং মাত্র ৪র্থ বলেই ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে সাজঘরে ফেরান। তবে বল হাতে নয়, বরং তিনি রেকর্ডের পাতায় নাম উঠান ব্যাট হাতে। ইনিংস হারের শঙ্কার মাঝে ৯ নম্বরে ব্যাট করতে নেমে একাই হাঁকান রেকর্ড ৯টি ছক্কা! অভিষেকে ৯ ছক্কার রেকর্ডে ভাগ বসান টিম সাউদির সঙ্গে। শুধু তা-ই নয়, ইংল্যান্ডের মাটিতে এক ইনিংসে বেন স্টোকসের সর্বোচ্চ ৯ ছক্কার রেকর্ডটিতেও ভাগ বসিয়েছেন এই তরুণ।