ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রত্যাশিত বড় জয়ে নারী এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। তবে অভিষিক্ত ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিলেও ব্যাটাররা ভুগলেন বেশ। তাদের দেওয়া সাদামাটা পুঁজি মূলত যথেষ্ট হলো বোলাররা জ্বলে ওঠায়।

সোমবার দুবাইয়ে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ৭১ রানে জিতেছে টাইগ্রেসরা। টস হেরে আগে ব্যাট করে পুরো ওভার খেলে তারা করে ৮ উইকেটে ১২৯ রান। জবাবে ১৭.৩ ওভারে স্রেফ ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া।

তৃতীয় ওভারে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস আউট হওয়ার পর চাপ সামলে হাল ধরেন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। তবে তাদের রান তোলার গতি ছিল মন্থর। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩২, আর ১০ ওভার শেষে ২ উইকেটে ৫৮ রান।

দিলারাকে কখনোই সাবলীল মনে হয়নি। ২৭ রান করতে তার লাগে ৩১ বল। এতে ভাঙে ৪০ রানের দ্বিতীয় উইকেট জুটি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি থামেন ১১ বলে ১০ রানে।

যখন দ্রুত রান বাড়ানোর চাহিদা ছিল, তখন ১৭তম ওভারে বিদায় নেন সোবহানা। ৪২ বলের ধীরগতির ইনিংসে তিনি করেন ৪০ রান। তবে পাঁচে নামা স্বর্ণা পরিস্থিতির দাবি মেটান। ১৮ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন তিনি।

স্বর্ণা ছাড়া আর কেউ শেষদিকে সুবিধা করতে পারেননি। সোবহানার বিদায়ের পর ক্রিজে যাওয়া পাঁচ ব্যাটার মিলে যোগ করেন কেবল ৭ রান। শেষ ২০ বলে ৫ উইকেট হারায় বাংলাদেশ দল।

ভালো বোলিং করলেও ব্যাটিংয়ে কোনো জবাব দিতে পারেনি ইন্দোনেশিয়া। তাদের ওপেনার মারিয়া কোরাজন কেবল দুই অঙ্কে যেতে পারেন। তিনি করেন ১৩ বলে ১২ রান।

পাওয়ার প্লেতে দুই ওপেনারকে ছাঁটেন পেসার মারুফা আক্তার। এরপর বাংলাদেশের স্পিনাররা হাজির হন অগ্নিমূর্তিতে। নাহিদা আক্তার ৩ উইকেট শিকার করেন ১৫ রানে। একটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন।

এশিয়া কাপে নিজেদের পরের ম্যাচে আগামী ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।