শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর তিন সদস্য নিহত ও অন্তত চার জন আহত হয়েছেন।

আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমান বাহিনীর সদস্য। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত মঙ্গলবার জানানো হবে।

বিমানবন্দর থানার ইন্সপেক্টর (অপারেশন) শরীফ হোসেন রাত পৌনে একটার দিকে দ্য ডেইলি স্টারকে জানান, থার্ড টার্মিনালের ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর পিকআপভ্যানটি নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত ও আহদের পরিচয় জানাতে পারেননি তিনি।