‘নিজেদের মাঠে নাহিদের মুখোমুখি হতে মুখিয়ে ছিল অজিরাও’, সাকিবের আফসোস
অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে ঘন্টায় দেড়শো কিলোমিটার গতির ঝড় তুলবেন নাহিদ রানা—এমন রোমাঞ্চ শুধু বাংলাদেশি সমর্থকদের মধ্যেই ছিল না, কৌতূহল ছিল খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও! কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে চোট। অজিদের বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রানা। সাকিবের চোখে, ক্রিকেট অস্ট্রেলিয়া ও অজি ব্যাটারদের জন্য তরুণ এই গতিদানবকে দেখার যে অপেক্ষা তৈরি হয়েছিল, সেটা অপূর্ণ থেকে যাওয়াটা কেবল বাংলাদেশেরই নয়, পুরো সিরিজের জন্যই এক বড় আক্ষেপ।
ভারতীয় গণমাধ্যম রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানার অনুপস্থিতিকে সবচেয়ে বড় ধাক্কা মানা সাকিব বলেন, ‘আমার মনে হয়, খোদ অস্ট্রেলিয়ানরাও তাদের দেশে রানার সামনাসামনি হওয়ার জন্য মুখিয়ে ছিল। এটি এমন এক চ্যালেঞ্জ ছিল, যা তারা সানন্দে গ্রহণ করত। তাই তার না থাকাটা অনেক বড় এক ক্ষতি।’
আন্তর্জাতিক মঞ্চে রানার গতির ঝলক দেখার পর অজিরা যে তাকে আলাদা বিবেচনায় রাখছিল, সাকিবের কথায় সেটাই ফুটে উঠেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের দুর্দান্ত উত্থান নিয়েও নিজের মুগ্ধতা জানান সাবেক এই অধিনায়ক।
পেসারদের উত্থানকে দলের জন্য বড় ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে সাকিব যোগ করেন, ‘পেস বোলিং বিভাগে আমরা সত্যিই খুব ভালো করছি—এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত এক সম্ভাবনার নাম। তবে এর অর্থ এই নয় যে আমরা অন্য জায়গায় পিছিয়ে পড়ব। ব্যাটিং ও স্পিন বোলিংও সমান গুরুত্বপূর্ণ। পেসারদের ভালো করাটা দারুণ খবর, কিন্তু পেসের পাশাপাশি ব্যাটার ও স্পিনাররাও যদি নিজেদের পারফর্ম্যান্স আরো উঁচুতে নিয়ে যেতে পারে, তবেই বাংলাদেশ দল হিসেবে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে।’