‘আর কোনো রামিসাকে হারাতে চাই না’, পল্লবীর শিশুহত্যায় ক্ষোভ ক্রিকেটাঙ্গনে

স্পোর্টস ডেস্ক

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনায় শোক, ক্ষোভ আর বিচার দাবিতে সরব হয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে প্রতিবেশী সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠার পর দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিজের ফেসবুক পেজে রামিসার একটি স্কেচ শেয়ার করে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, 'আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়।'

তিনি আরও লিখেছেন, 'আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।'

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে, সেই হিসেব হয়তো কেউ রাখবে না। কিন্তু এই নৃশংসতার শেষ চাই। বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়। এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রতিটি শিশু বেড়ে উঠুক নির্ভয়ে, নিশ্চিন্তে, আনন্দে।

আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, 'একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও জানিয়েছেন নিজের মর্মবেদনার কথা। এক কন্যাসন্তানের বাবা হিসেবে এই ঘটনা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। লিটন লিখেছেন, 'একজন কন্যাসন্তানের বাবা হিসেবে রামিসার খবর আমাকে গভীরভাবে ব্যথিত ও বিচলিত করেছে। কোনো সভ্য সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী দরকার, যেখানে তারা ভয় ছাড়া বড় হতে পারবে।'

'যে কোনো অন্যায়ের বিচার হওয়া উচিত, আর রামিসার ক্ষেত্রে সেই বিচার হতে হবে দ্রুত। আমরা যখন রামিসার বিচারের দাবিতে এক হচ্ছি, তখন এটাও জোর দিয়ে বলতে চাই, এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। আমরা আর কখনো এমন ট্র্যাজেডি দেখতে চাই না,' যোগ করেন তিনি।

অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'সকালে খবরটি শুনে আমি পুরোপুরি হতবাক। ছোট্ট রামিসা নিরাপত্তা, ভালোবাসা আর সুরক্ষা পাওয়ার যোগ্য ছিল… এমন নিষ্ঠুরতার নয়। এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার দাবি করছি। কোনো পরিবার যেন কখনো এমন যন্ত্রণা না পায়। শিশুদের বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।'

এ ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবি লিখেছে, 'ছোট্ট রামিসার বিরুদ্ধে সংঘটিত এই জঘন্য অপরাধে আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। রামিসা এবং এ ধরনের নৃশংসতার সব শিকারের জন্য আমাদের হৃদয় কাঁদছে। আমরা সবাই আজ ন্যায়বিচারের দাবিতে একসঙ্গে দাঁড়িয়েছি।'