নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিংয়ে লন্ডভন্ড জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

নাহিদ রানার বিধ্বংসী বোলিং স্পেলে স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। ১০ ওভার বল করে মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন নাহিদ রানা। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ। এই দুজনের বোলিং তোপে ৩৭ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।

উইকেটে পেসারদের জন্য সহায়ক হবে এমন আশা থেকে টস জিতে বোলিং নিয়েছিলেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছেন দুই পেসার নাহিদ ও তাসকিন। এই দুজন মিলেই নিয়েছেন জিম্বাবুয়ের ৮ উইকেট। 

অথচ ইনিংসের শুরুটা বেশ ইতিবাচকই করেছিল জিম্বাবুয়ে। ওভারপ্রতি প্রায় ৬ রান তুলে বিনা উইকেটে ৩৬ তুলে ফেলেছিল স্বাগতিকরা। তখনই রানআউটের ফাঁদে কাটা পড়েন ওপেনার বেন কারান। এরপর পরপর দুই ওভারে জোড়া ধাক্কা দেন তাসকিন, আরেক ওপেনার ব্রায়ান বেনেট ও জিম্বাবুয়ে ব্যাটিংয়ের বড় ভরসা ক্রেইগ আরভাইনকে ফিরিয়ে। 

ইনিংসের বাকি অংশটুকু শুধুই নাহিদ রানার। তার পেস যেন সামলাতেই পারেনি স্বাগতিকরা। ৪৫ থেকে ৭০- এই ২৫ রান তুলতেই আরও ৫টি উইকেট হারায় জিম্বাবুয়ে। সবগুলোই নিজের পকেটে পুরেছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের মিডল অর্ডারের পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। 

এরপর ছোটখাটো একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরি। তাদের ৬৩ রানের জুটিও ভাঙে নাহিদের হাতেই। এনগারাভাকে ২৭ রানে ফিরিয়ে নিজের ষষ্ঠ শিকার তুলে নেন এই গতিতারকা। ইনিংসের শেষ উইকেটটি তুলেছেন অধিনায়ক মিরাজ। 

আজকের বোলিং পারফরম্যান্স ওয়ানডেতে নাহিদ রানার সেরা। ওয়ানডেতে এটি নাহিদ রানার তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেট প্রাপ্তি। মাত্র ১৪ ম্যাচেই তিনবার পাঁচ উইকেট পাওয়ার পাশাপাশি একবার চার উইকেটও পেয়েছেন তিনি।