ফ্রান্স অথবা স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কর্তোয়া, কী জবাব দিলেন রোমেরো?
কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে থিবো কর্তোয়ার বেলজিয়ামের। প্রথম সেমিফাইনালে তাই ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ইউরো চ্যাম্পিয়নদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া বেলজিয়াম গোলরক্ষক বলছেন, ফ্রান্স বনাম স্পেন ম্যাচে যে দল জয়ী হবে তারাই এবার শিরোপা উঁচিয়ে ধরবে।
ইনজুরির কারণে পুরো ম্যাচ শেষ না করেই মাঠ ছেড়ে উঠে যেতে হয় সময়ের অন্যতম সেরা গোলরক্ষক কর্তোয়াকে। ম্যাচ শেষে স্পেনের খেলা সম্পর্কে তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। যাদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে, সেই স্প্যানিশ দলের ভূয়সী প্রশংসা শোনা গেছে তার কণ্ঠে।
কর্তোয়া বলেছেন, ‘অবশ্যই স্পেন বিশ্বকাপ জিততে পারে, কারণ তারা দারুণ একটি দল এবং তাদের ভেতর সেই উদ্দীপনা আছে। আমার মতে ওই সেমিফাইনালের (ফ্রান্স বনাম স্পেন) জয়ী দলই বিশ্বকাপ জিতবে’।
কর্তোয়ার এমন মন্তব্যের জবাব দিয়েছেন আর্জেন্টাইন সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে রোমেরোর কাছে কর্তোয়ার এমন মন্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। জবাবে টটেনহামের খেলোয়াড় রোমেরো বলেছেন, ‘আমরা আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি। কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। কোনো একজন খেলোয়াড় কী বললো তাতে আমরা কান দেই না। প্রত্যেকের নিজস্ব মতামত ও চিন্তাধারা থাকতে পারে, তবে আমরা কেবল আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি’।
কর্তোয়ার মন্তব্যের জবাব দেয়ার পাশাপাশি কোয়ার্টার ফাইনালের আগে আত্মসমালোচনাও করেছেন রোমেরো। বিশেষ করে কেপ ভার্দে ও মিশর দুই দলের কাছেই দুটি করে গোল হজম করেছে আর্জেন্টিনা। আক্রমণে সহায়তা করার পাশাপাশি রক্ষণভাগে তাই নিজেদের কাজটা আরও সঠিকভাবে করতে চান মিশরের বিপক্ষে গোল করা রোমেরো, ‘গোল করার অনুভূতি সবসময়ই ভালো। কিন্তু আমাদের প্রধান কাজ ক্লিন শিট রাখা। আক্রমণভাগে অবদান রাখতে পারলে আমি নিশ্চয়ই খুশি হবো, কিন্তু আমাদের মূল দায়িত্ব রক্ষণ সামলানো। আমরা ভালো করছি, কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে, কারণ গত দুই ম্যাচে আমরা চার গোল খেয়েছি’।