'প্রতিশোধ' জাতীয় শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না পাকিস্তান
২০ মাস আগে রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে এসেছিলো বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের ধাক্কায় বেশ নড়ে উঠেছিলো পাকিস্তানের ক্রিকেট। এবার বাংলাদেশে খেলতে এসে সেই সিরিজের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চান শান মাসুদ। পাকিস্তানের টেস্ট অধিনায়ক বললেন, 'প্রতিশোধ' নামক শব্দ মাথায় রেখে খেলবেন না তারা।
ক্রিকেটে সাধারণত সমীহ ব্যাপারটা একটু বেশিই দেখায় দলগুলো। খেলার আগে উভয় দলই কথায় থাকতে চায় সংযমী। পাকিস্তান অধিনায়ককেও প্রথাগত পথে হাঁটতে দেখা গেল।
বৃহস্পতিবার মিরপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে শান মাসুদের কন্ঠে সমীহের সুর, 'আমরা আমাদের পক্ষ থেকে "প্রতিশোধ" জাতীয় শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। বাংলাদেশ দল ২০২৪ সালে যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছিল, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম—যেমন যখন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল—তখনও তারা ঘুরে দাঁড়ানোর এবং টেস্ট ম্যাচ জেতার দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে। আমরা কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেব না।'
পাকিস্তান দল বরং নিজেদের খেলার কথাই বেশি ভাবছে, 'আমাদের কাছে মূল লক্ষ্য হলো নিজেদের প্রক্রিয়া এবং আমাদের নিজস্ব ঘরানার ক্রিকেট। আমাদের ইচ্ছা হলো এমন একটি দল হয়ে ওঠা, যারা জয়ের অবস্থানে পৌঁছানোর পর খেলা শেষ করে আসতে পারে।'
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খানিক আগে সংবাদ সম্মেলনে নিজেদের পেস আক্রমণ এগিয়ে রাখার কথা বলে গিয়েছিলেন। শান সেই তথ্য শুনেও রইলেন ধীরস্থির, 'প্রতিটি দলেরই নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের নিজস্ব দক্ষতার ওপর মনোযোগ দিই এবং সবকিছু আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনে খেলতে সক্ষম। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আর এখনকার কাজ হলো দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলবে তারাই সিরিজ জিতবে।'
বাংলাদেশের পেস আক্রমণকে তার দেখা বাংলাদেশের সেরা মনে করলেও নিজেদের সঙ্গে তুলনায় যেতে চান না পাক অধিনায়ক, 'তাদের পেস আক্রমণভাগ অত্যন্ত চমৎকার; সম্ভবত আমার দেখা তাদের সেরা। আমরা কোনো তুলনা করব না, কারণ উভয় দলেরই মানসম্মত খেলোয়াড় রয়েছে।'
দুই বছর আগের দেখা বাংলাদেশকে একইরকম শক্ত, লড়ুকে দেখেন শান, 'আমি এর আগে বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজ খেলেছি। বর্তমান দলটি দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে আমরা যাদের বিপক্ষে খেলেছিলাম তাদের মতোই—অত্যন্ত প্রতিযোগিতামূলক, দক্ষ এবং ব্যাটিং, পেস ও স্পিন সব বিভাগেই স্বয়ংসম্পূর্ণ। আমরা চ্যালেঞ্জ এবং কঠিন কন্ডিশনে ভালো দলের বিপক্ষে খেলতে পছন্দ করি। এটি আমাদের দক্ষতা যাচাই করার একটি সুযোগ এবং আশা করি আমরা জয়ী হতে পারব।'
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট।