২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস
আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা বদলে গেছে। বিশাল অঙ্কের চুক্তিতে দলটি কিনে নিয়েছেন ভারতের বিখ্যাত ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী এন মিত্তাল ও তার পরিবার এবং ভ্যাকসিন ব্যবসায়ী ও ধনকুবের আদর পুনাওয়ালা। রোববার এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ১৬৫ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা) খরচ করে তারা ফ্র্যাঞ্চাইজিটির অধিকাংশ শেয়ার নিজেদের করে নিয়েছেন।
বিবৃতি অনুযায়ী, এই চুক্তি সম্পন্ন হওয়ার পর রয়্যালসের প্রায় ৭৫ শতাংশ মালিকানা থাকবে মিত্তাল পরিবারের কাছে। পুনাওয়ালার হাতে থাকবে প্রায় ১৮ শতাংশ শেয়ার। বাকি অংশের মালিক থাকবেন বর্তমান অনুমোদিত বিনিয়োগকারীরা, যার মধ্যে বিক্রেতা মনোজ বাদালেও রয়েছেন।
এই ২০ হাজার কোটি টাকা শুধু ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলের দল রাজস্থানের দাম নয়। তাদের কর্তৃপক্ষের মালিকানায় আরও দুটি বিদেশি দল আছে— দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোজ রয়্যালস। বিবৃতিতে পরিষ্কার করা হয়েছে যে, একসাথে তিনটি দলকেই কেনা হয়েছে। অর্থাৎ এই বিশাল অঙ্কের বিনিময়ে রাজস্থান রয়্যালসসহ তাদের অধীনে থাকা বাকি দুটি বিদেশি দলও নতুন মালিকদের হাতে চলে গেছে।
বিবৃতিতে উচ্ছ্বসিত মিত্তাল বলেছেন, 'আমি ক্রিকেট ভালোবাসি এবং আমার পরিবার রাজস্থানের মানুষ। তাই রাজস্থান রয়্যালস ছাড়া আইপিএলের অন্য কোনো দলের অংশ হওয়ার কথা আমি ভাবতেই পারি না।'
২০০৮ সালে প্রয়াত অস্ট্রেলীয় কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের উদ্বোধনী আসরে শিরোপা জিতেছিল রাজস্থান। এরপর তারা আর কোনো ট্রফি জিততে পারেনি। এই ফ্র্যাঞ্চাইজির দীর্ঘমেয়াদী উন্নতিতে অবদান রাখতে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পুনাওয়ালা, 'রাজস্থান রয়্যালস আইপিএলের অন্যতম সেরা একটি দল এবং তাদের দারুণ একটি ঐতিহ্য রয়েছে।'
রয়্যালসের শুরুর সময় থেকেই এর সাথে যুক্ত আছেন বাদালে। মালিকানা বদল হলেও তিনি শেয়ারহোল্ডার হিসেবে থাকছেন এবং নতুন বিনিয়োগকারীদের সাথে দলটির বোর্ডের সদস্য হিসেবে কাজ করে যাবেন। তিনি বলেন, 'রাজস্থান রয়্যালসের নতুন মালিক হিসেবে মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাদের আবেগ, রাজস্থান ও ভারতের সাথে তাদের সংযোগ এবং ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে তাদের দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা— সব মিলিয়ে তারা হবেন এই দলের আদর্শ অভিভাবক।'
গত মার্চ মাসেই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনসহ এক দল বিনিয়োগকারী আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কিনে নেয়। তখন দলটির দাম ছিল ১৭৭ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৪০০ কোটি টাকা)।
ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়ের প্রধান উৎস আইপিএল। ২০২০ সালের এক হিসাবে দেখা গেছে, আইপিএল ভারতের অর্থনীতিতে বছরে ১ হাজার ১০০ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা) বেশি যোগান দেয়।