নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

নতুন রূপে সাজানো দল নিয়ে মাঠে নেমেই দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। বোলারদের তাণ্ডবে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত ম্যাচে ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা।

ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল খেলা কিউইরা মাত্র ৩৬ রানেই হারায় ৫ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৫তম ওভারে ৯১ রানে অলআউট হয় স্বাগতিকরা, যা তাদের টি–টোয়েন্টি ইতিহাসে দশম সর্বনিম্ন স্কোর।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেন কিশোর পেসার এনকোবানি মোকোয়েনা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ১৯ বছর বয়সী এই পেসার ৩.৩ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। বে ওভালের অনিশ্চিত বাউন্স কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের লেজ গুটিয়ে দেন তিনি।

ম্যাচ শেষে অভিষেক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোকোয়েনা বলেন, 'অভিষেকটা সত্যিই দারুণ অনুভূতি ছিল। আমি শুধু খেলাটা উপভোগ করার চেষ্টা করেছি। পুরো দল আমাকে সমর্থন দিয়েছে, তাই আমি খুব রোমাঞ্চিত ছিলাম। পরিকল্পনা মেনে বল করেছি, সৃষ্টিকর্তার আশীর্বাদে সফল হয়েছি।'

প্রোটিয়াদের হয়ে আরও দুটি করে উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি ও অটনেইল বার্টম্যান।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অলরাউন্ডার জিমি নিশাম। তাকে ফিরিয়েই নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট পান মোকোয়েনা। অধিনায়ক মিচেল স্যান্টনার বল হাতে ভালো করলেও দলকে বড় বিপর্যয় থেকে বাঁচাতে পারেননি। তিনি ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ১ উইকেট।

৯২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার কনর এস্টারহুইজেন ৪৮ বলে অপরাজিত ৪৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৯৩ রান তুলে ৭ উইকেটের স্বচ্ছন্দ জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে চারজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এরা হলেন কনর এস্টারহুইজেন, রুবিন হারমান, ডিয়ান ফরেস্টার ও এনকোবানি মোকোয়েনা।

এই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন স্পিনার কেশব মহারাজ। যা ছিল তার ৫০তম টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।

দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, হ্যামিল্টনে।