নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পূর্ণাঙ্গ সফর

স্পোর্টস ডেস্ক

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা নভেম্বরে স্বাগতিক হিসেবে পাচ্ছে বাংলাদেশকে। দুই ম্যাচের টেস্ট সিরিজসহ পূর্ণাঙ্গ সফরের সূচি ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। এই টেস্ট দুটি চলমান ২০২৫–২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত হওয়ায় সিরিজটির গুরুত্ব অনেক বেশি।

২০২৩–২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতা প্রোটিয়ারা চলতি মৌসুমে ঘরের মাঠে কোনো টেস্ট খেলেনি। তবে ২০২৬/২৭ মৌসুমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় তারা ঘরের মাঠে মোট আটটি টেস্ট আয়োজন করছে -অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ সফরে থাকবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। টেস্ট দুটি অনুষ্ঠিত হবে নভেম্বরে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মাটিতে সিরিজ ১–১ ড্র এবং ভারতের বিপক্ষে ভারতে ২–০ ব্যবধানে জয়ের ফলে তারা শক্ত অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে জিতলে ফাইনালের পথে বড় ধাপ এগোতে পারবে তারা।

ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি জানিয়েছেন, নতুন টেস্ট চক্রে ভালো শুরু ধরে রাখাই দলের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ওয়ানডে সিরিজগুলোকে ২০২৭ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে।

সূচি সংক্ষেপ

টেস্ট সিরিজ

১৫–১৯ নভেম্বর: প্রথম টেস্ট, জোহানেসবার্গ
২৩–২৭ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, সেঞ্চুরিয়ন

ওয়ানডে সিরিজ

১ ডিসেম্বর: প্রথম ওয়ানডে, ইস্ট লন্ডন
৪ ডিসেম্বর: দ্বিতীয় ওয়ানডে, গকেবেরা
৭ ডিসেম্বর: তৃতীয় ওয়ানডে, কেপ টাউন

টি–টোয়েন্টি সিরিজ

১০ ডিসেম্বর: প্রথম টি–টোয়েন্টি, কিম্বারলি
১২ ডিসেম্বর: দ্বিতীয় টি–টোয়েন্টি, বেনোনি
১৩ ডিসেম্বর: তৃতীয় টি–টোয়েন্টি, সেঞ্চুরিয়ন