চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা
চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ শুক্রবার সকালে বাকলিয়া থানায় মামলাটি করেন ওই শিশুর বাবা।
অভিযুক্ত মনির হোসেন ওরফে মইন্না (৩৫) স্থানীয় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযুক্ত মনিরকে আজ আদালতে হাজির করা হবে।
ওসি মোহাম্মদ সোলায়মান আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ পৃথক আরেকটি মামলা করছে। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবারের বরাতে তিনি বলেন, শিশুটিকে একটি ডেকোরেশন দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত মনির। পরে শিশুটি বাসায় ফেরার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।
তিনি আরও বলেন, গতকাল বিকেলে শিশুটির পরিবার মনিরকে আটক করে তাদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকশ বাসিন্দা ওই বাড়ির সামনে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরকে হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা অভিযুক্ত মনিরকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়।
এ ঘটনায় ২ সাংবাদিক ও পুলিশের ১৫ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরে রাত ১০টার দিকে পুলিশ কৌশলে অভিযুক্তকে এলাকা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।