ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নাফিসা নাওয়াল (১৯) দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।

রোববার চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাতে নগরের ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ম্যাক্স কোম্পানির ক্রেনচালক হিসেবে কর্মরত শামীমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ৯টার দিকে ভাড়া বাসা থেকে পাঠাওয়ের মোটরসাইকেলে করে হাজী মোহাম্মদ মহসিন কলেজের উদ্দেশে রওনা হন নাফিসা। ওই কেন্দ্রেই তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

পথিমধ্যে সময় বিপরীত দিক থেকে আসা একটি প্যাডেলচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান নাফিসা।

পুলিশ জানায়, ঠিক তখন একই লেনে পেছন থেকে আসা ম্যাক্স কোম্পানির একটি ক্রেন দ্রুতগতিতে এসে রাস্তায় পড়ে থাকা নাফিসাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নাফিসার বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ওসি আতিকুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার শামীম মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট এলাকার বাসিন্দা। তাকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।