শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক যুবককে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে।  

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। রাত পৌনে ৯টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত মনির হোসেন ওরফে মইন্না (৩৫) স্থানীয় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী।

পরিবারের বরাতে ওসি বলেন, শিশুটিকে একটি ডেকোরেশন দোকানে নিয়ে যৌন নিপীড়ন করে মনির। পরে শিশুটি বাসায় ফেরার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।

তিনি আরও জানান, পরে শিশুটির পরিবার মনিরকে আটক করে তাদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকশ বাসিন্দা ওই বাড়ির সামনে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক ইফতেখার তিশন জানান, জনতা উত্তেজিত হয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। স্থানীয়রাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ছররা গুলি ছোঁড়ে। এতে চট্টগ্রাম প্রতিদিনের দুই সাংবাদিক আহত হন।

পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে স্থানীয়রা রাস্তায় আগুন জ্বালিয়ে দেন এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে বলে।

রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি থমথমে ছিল।