মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে ‘অল্টারনেটিভস’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল শুক্রবার রাতে প্ল্যাটফর্মটি তাদের ১৭ সদস্য বিশিষ্ট ন্যাশনাল অর্গানাইজিং কমিটির (জাতীয় সাংগঠনিক কমিটি) নাম ঘোষণা করে। এই কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সাবেক নেতাও স্থান পেয়েছেন।
প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়ে বিস্তারিত জানানো হয়।
জাতীয় সাংগঠনিক কমিটিতে মাহফুজ আলম ছাড়াও অন্য সংগঠকরা হলেন—আহমেদ ইবনে আরিফ (অনি), ইমান সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।
এর মধ্যে তাজনূভা জাবীন ও হাসান আলী এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইমান সৈয়দ দলটির দক্ষিণ অঞ্চলের সাবেক যুগ্ম প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক প্রয়োজনে এই কমিটির সদস্য সংখ্যা ধারাবাহিতকভাবে বাড়ানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের নেপথ্যর অন্যতম ব্যক্তি ছিলেন মাহফুজ আলম। অভ্যুত্থানের পর তরুণ নেতাদের একটি বড় অংশ এনসিপিতে যোগ দিলেও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্যের কারণে মাহফুজ আলম সেই দলে যোগ দেননি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের ছাত্র-নাগরিকদের পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস এই কমিটি গঠন করেছে৷
নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলন কর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা। এই প্ল্যাটফর্ম আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
এই কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।