‘নিরাপদ পানির অধিকার নিশ্চিতে দায় এড়াচ্ছে রাষ্ট্র’

আলোচনা সভায় বক্তারা
স্টার অনলাইন রিপোর্ট

‘জনগণকে নিরাপদ পানি দিতে পারছে না রাষ্ট্র। আবার কোনো কোনো ক্ষেত্রে নিরাপদ পানি পাওয়ার বিভিন্ন উপাদানে ভ্যাট আরোপ করছে, যা গ্রহণযোগ্য নয়। নিরাপদ পানি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেই দায়িত্ব পালন না করে দায় এড়াচ্ছে।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম লেকচার হলে ‘সুপেয় পানি—মৌলিক অধিকার নাকি বাণিজ্য’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘রিডিং ক্লাব ট্রাস্ট’ ও ‘আইনেরকথা.কম’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ওয়াটারএইড বাংলাদেশের হেড অব পলিসি অ্যাডভোকেসি অ্যাডভোকেট ফাইয়াজউদ্দিন আহমদ বলেন, সুপেয় পানিকে রাষ্ট্র সেবা পর্যায়ে এনে পণ্যের মতো ব্যবহার করে। দেশের মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষ নিরাপদ পানি পানের সুযোগ পান। যার অধিকাংশ ক্ষেত্রেই পানিতে ই. কোলাইয়ের মতো ক্ষতিকর জীবাণুর উপস্থিতিও রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তানভীর ইসলাম বলেন, পানি সরবরাহ ও বিশুদ্ধিকরণের দায়িত্ব সরকারকে নিতে হবে। নিরাপদ পানির জন্য শহরে প্রয়োগ করা সমাধান প্রান্তিক অঞ্চলে কার্যকর নয়। তাই অঞ্চলভেদে সমস্যা সমাধানে পৃথক উদ্যোগ নিতে হবে।

যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ইউনিভার্সিটির সিনিয়র ফেলো ও অ্যাডজাঙ্কট প্রফেসর ড. জাকিয়া আফরিন বলেন, নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে পানির গ্রাহক অর্থাৎ জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ। নিরাপদ পানি না পেলে সংঘবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ খান পানিকে জনগণের সম্পদ উল্লেখ করে এর সাংবিধানিক দায় নিশ্চিত করতে জনগণ ও সরকারকে সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।