ডেপুটি স্পিকারের লাগানো গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ৩
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ডেপুটি স্পিকার কায়সার কামালের রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় দায়ের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গাছ উপড়ে ফেলার ঘটনায় ২৯ আগস্ট রাতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে একটি মামলা করেন। পরদিন মামলাটি নথিভুক্ত হয়।
মামলায় ১২টি মেহগনি গাছ উপড়ে ফেলা এবং একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুসারে, ২৫ আগস্ট রাতে আসামিরা গুতুরা বাজারে স্থাপিত বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার উদ্দেশ্যে জড়ো হন। তবে পুলিশের উপস্থিতির কারণে পরিকল্পনা ব্যর্থ হয়। পরে কলমাকান্দা বাজারের দিকে যাওয়ার সময় বাবনি এলাকায় সড়কের পাশে রোপণ করা ১২টি মেহগনি গাছের চারা তারা উপড়ে ফেলেন।
চারাগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলমাকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে রোপণ করা হয়েছিল।
স্থানীয় বিএনপির সূত্র জানায়, গাছ উপড়ে ফেলার খবর পেয়ে ডেপুটি স্পিকার গত ২৮ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গাছগুলো উপড়ে ফেলার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, যা দুঃখজনক।
গাছ উপড়ে ফেলার সঙ্গে জড়িতদের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার।
মোস্তাফিজুর রহমান আরও জানান, মামলায় ভাঙচুরের পরিকল্পনা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সড়কের পাশে রোপণ করা গাছ উপড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।