বিরোধীদলের আন্দোলন দেশের জন্য ক্ষতিকর: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

বিরোধীদলের আন্দোলন দেশের উন্নয়নকে ক্ষতি করবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘বিরোধীদল লংমার্চ দিয়েছেন, আবার বলছেন আন্দোলন করবেন। দেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।’

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফ-এর ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আরেকটি পক্ষ আমাদের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে, তারা এখন বিরোধী দলে। আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিতও হয়নি এবং আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা আন্দোলনের কথা বলছে।'

তিনি আরও বলেন, ‘হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তার সরকারের সময় দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এ কাজে বিরোধীদলের সহযোগিতা প্রয়োজন।'

বিরোধীদলের আন্দোলন প্রসঙ্গে এ্যানি বলেন, 'বিরোধীদল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে। অতীতে হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল। পরে দেশের ১২টা বাজিয়ে দিয়েছে ১৭ বছরে। এখন বিরোধীদল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবেন, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবেন। সেই সুযোগে জনগণ বাধ্য হয়ে তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না।'

এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘দেশে আড়াই-তিন বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। তারেক রহমানের পিতা জিয়াউর রহমান যেভাবে দেশকে স্বনির্ভর করেছেন। উনার মা বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জনগণের সঙ্গে কাজ করেছেন, দেশের উন্নয়ন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে এ ধরনের কাজ হলে, আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।’

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, সাধারন সম্পাদক ইউছুফ ভুঁইয়াসহ অনেকে।