নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: মৃত-নিখোঁজদের কতজন কোন দেশের
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৫২ জন মারা গেছেন। এর মধ্যে নেপালে প্রাণ হারিয়েছেন ৫৪৭ জন।
এছাড়া, চীনা কর্তৃপক্ষ তিব্বত অঞ্চলে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
নেপালি পুলিশের বরাতে এএফপি জানিয়েছে, বিদেশি নাগরিকসহ এখনো প্রায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মৃত ও নিখোঁজদের মধ্যে তীর্থযাত্রা, পর্যটন ও সেখানে কাজ করতে যাওয়া বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
কোন দেশের কত নাগরিক উদ্ধার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বন্যাকবলিত রাসুয়াসহ বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৮টি দেশের ১২১ নাগরিককে উদ্ধার করা হয়েছে।
SITUATION UPDATE-6
Bhotekoshi Flash Flood
August 28, 2026 pic.twitter.com/INHb36zSNi— Nepal Tourism Board (@nepaltourismb) August 28, 2026
এর মধ্যে রয়েছেন—ভারতের ৮৫ জন, চীনের ১৬ জন, দক্ষিণ কোরিয়ার ৯ জন, যুক্তরাষ্ট্রের ২ জন, রাশিয়ার ২ জন, ইতালির ২ জন, বুলগেরিয়ার ১ জন ও সুইজারল্যান্ডের ১ জন।
এছাড়া উদ্ধার আরও ৩ জনের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলো থেকে মানুষজনকে উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারদলের সদস্যরা স্থলপথে বিভিন্ন জনবসতি ও নদীর তীরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
কোন দেশের কত নাগরিক নিখোঁজ
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে আজ শুক্রবার দ্য কাঠমুণ্ডু পোস্ট জানিয়েছে, নিখোঁজ এক হাজার ৪০০ মানুষের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন অন্তত ৫১৭ জন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আজ জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে অন্তত ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।
এর আগে গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছিল, ওই দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাদের কাছে ৩২ দেশের ৬৬৭ জন নাগরিক নিখোঁজ থাকার তথ্য রয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযান চলতে থাকায় এবং বিভিন্ন সংস্থার তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পদ্ধতিতে পার্থক্য থাকায় নিখোঁজের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।
বিভিন্ন দেশের নিখোঁজ নাগরিকদের তথ্য প্রকাশ করেছে গার্ডিয়ান।
চীন
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি শুক্রবার জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের অংশে থাকা প্রায় ১০০ চীনা নাগরিকের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা।
ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি তারা। এর মধ্যে ৭৩ জন একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন।
নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক ভারতীয় পর্যটক তিব্বতের পবিত্র তীর্থস্থান কৈলাস পর্বতে তীর্থযাত্রায় গিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চীন ও নেপালে ৯০ জন মার্কিন নাগরিকের খোঁজ পাননি তারা। এখন পর্যন্ত ৩ জন মার্কিন নাগরিককে উদ্ধারের খবর তারা পেয়েছেন।
মালয়েশিয়া
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নেপাল-তিব্বতে বন্যায় তাদের দেশের ৫১ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।
ইউক্রেন
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫৫ জন ইউক্রেনীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৪৭ ও ৭ জনের দুটি পর্যটক দল রয়েছে। এছাড়া একটি বিদেশি পর্যটক দলের সঙ্গে ভ্রমণ করা একজন ইউক্রেনীয় নারীও নিখোঁজদের তালিকায় রয়েছেন।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, এ ঘটনায় ৩৯ জন অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।
যুক্তরাজ্য
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
কানাডা
নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, কানাডার ২৫ নাগরিক নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে একটি জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করা তাদের দেশের ৯ নাগরিক নিখোঁজ রয়েছেন।
সিঙ্গাপুর
নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের ৮ নাগরিক নিখোঁজ রয়েছেন।
জার্মানি
নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৮ জন জার্মান পর্যটক নিখোঁজ রয়েছেন।
রাশিয়া
নেপালে রুশ দূতাবাস জানিয়েছে, ৮ জন রুশ নাগরিক নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ আফ্রিকা
নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ৬ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।
লাটভিয়া
নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, লাটভিয়ার ৬ পর্যটক নিখোঁজ রয়েছেন।
জাপান
জাপানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৫ জন জাপানি পর্যটক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে এক দম্পতি ও তাদের সন্তান রয়েছেন।
নিউজিল্যান্ড
নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, ৫ জন নিউজিল্যান্ডের নাগরিক নিখোঁজ রয়েছেন।
ফ্রান্স
নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, ৪ জন ফরাসি নাগরিক নিখোঁজ রয়েছেন।
বেলজিয়াম ও স্পেন
নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বেলজিয়াম ও স্পেনের ৩ জন করে মোট ৬ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।
অন্যান্য দেশ
ইতালি, কাজাখস্তান, পর্তুগাল, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের দুইজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড।
এছাড়া বেলারুশ, ফিনল্যান্ড, হাঙ্গেরি, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইন, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া ও সুইডেনের একজন করে নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
