মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু
মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। আগামীকালও শুনানির দিন ধার্য রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক। আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
গত বছরের ৩০ জুন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. হিটু শেখের (৪৪) করা নিয়মিত ও জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।
ওই বেঞ্চ হিটু শেখকে এক লাখ টাকা জরিমানা করা নিম্ন আদালতের রায়ের অংশের কার্যকারিতা স্থগিত করেন।
গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধর্ষণ ও হত্যার দায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন।
হিটুর স্ত্রী জাহেদা বেগম (৩৮) এবং দুই ছেলে রাতুল শেখ (১৮) ও সজীব শেখের (২০) বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। হিটু শেখ ওই শিশুটির বোনের শ্বশুর।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১ মার্চ ভুক্তভোগী শিশু মাগুরা সদরের নিজনান্দুয়ালী মঠপাড়া এলাকায় তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ ভোরে সেখানে তাকে ধর্ষণ করা হয়।
ওই দিনই গুরুতর অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুর থেকে ওইদিনই অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরদিন রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
অবস্থার অবনতি হলে গত বছরের ৮ মার্চ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। পরে ১৩ মার্চ সিএমএইচে তার মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ ওই শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। এতে হিটু, জাহেদা, সজীব ও রাতুলকে আসামি করা হয়।