মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

মাগুরা সদর উপজেলায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃতরা হলো—নাঈম (৬) ও নুসরাত (৭)। তারা সম্পর্কে খালা ও ভাগনে। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলায় বুজরুক শ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাড়ির পাশের বৃষ্টির পানিতে ভরা একটি পুকুরের ধারে খেলার সময় গভীর পানিতে পড়ে ডুবে যায় দুই শিশু। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

মাগুরা জেনারেল সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান তাদের মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।