ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, ছাতা মাথায় পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে দুইটি শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ায় ছাতা মাথায় পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

গতকাল রোববার এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাদের বিভিন্ন অংশ দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এতে কয়েকজন শিক্ষার্থী এক হাতে ছাতা ধরে অন্য হাতে পরীক্ষা দিচ্ছে।

এ বিষয়ে মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. কাওসার আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী আছে। ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত একাডেমিক কার্যক্রম চালাতে কমপক্ষে ২০টি শ্রেণিকক্ষ প্রয়োজন। কিন্তু আমাদের আছে মাত্র ছয়টি।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজির আহমেদ ডেইলি স্টারকে বলেন, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুইয়ে পড়ায় শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা গ্রহণ ব্যাহত হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, মাদ্রাসার একটি নতুন ভবনের নির্মাণকাজ চললেও ধীরগতির কারণে এখনো তা শেষ হয়নি। ভবনটি হস্তান্তর করতে আরও বছরখানেক সময় লাগতে পারে। ফলে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনেই শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।